
অন্টারিও বাধ্যতামূলক মাস্ক পরিধান বিধি প্রত্যাহারের সঙ্গে সঙ্গে টরন্টোরও তা তুলে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন টরন্টোর মেডিকেল অফিসার ডা. এইলিন দ্য ভিলা। দুই সপ্তাহের কম সময়ের মধ্যে অধিকাংশ স্থান থেকে মাস্ক পরিধান বাইলটি প্রত্যাহার করা হবে।
মাস্ক পরিধানের ব্যাপারে টরন্টোর যে বাইল তার মেয়াদ ৮ এপ্রিল শেষ হচ্ছে না। তবে সিটি কাউন্সিল বিষয়টি বিবেচনা করছে। মেডিকেল অফিসার ডা. এইলিন দ্য ভিলা প্রদেশ মাস্ক পারিধানের বিধান প্রত্যাহারের পর যত দ্রুত সম্ভব টরন্টোরও বাইলটি বাতিলের সুপারিশ করেছেন।
সুপারিশ অনুমোদিত হলে ২১ মার্চ বাইলটি বাতিল করার একটা পথ তৈরি হবে। ওইদিন থেকে অধিকাংশ স্থানে বাধ্যতামূলক মাস্ক পরিধানের বিধান বাতিল করবে অন্টারিও। তবে পাবলিক ট্রানজিট, লং-টার্ম কেয়ার ও রিটায়ারমেন্ট হোম, স্বাস্থ্যসেবা কেন্দ্র, জনবহুল স্থান, আশয়স্থল এবং কারাগার এর বাইরে থাকবে। সব স্থান থেকে মাস্ক পরিধানের বিধান তুলে নেওয়ার জন্য ২৭ এপ্রিল দিন ধার্য করেছে অন্টারিও।
দ্য ভিলা বলেন, যে সময় বাধ্যতামূলক করে আইন করা হয়েছিল সেই সময়ের থেকে এখন নাটকীয়ভাবে ভিন্ন অবস্থানে আছে টরন্টো। ২০২০ সালের জুনে কোভিড-১৯ ভাইরাস সম্পর্কে আমাদের জ্ঞান ছিল সীমিত, ভ্যাকসিন ছিল না এবং সংক্রমণের কারণে প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠেছিল খুব কম সংখ্যক মানুষের মধ্যে। টরন্টোর মাস্ক পরিধান সংক্রান্ত বাইলটি নির্দিষ্ট সময়ের জন্য এবং এমন সময় এটি কার্যকর করা হয় যখন কোভিড-১৯ এর কারণে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি ব্যবস্থাপনায় নগরজুড়ে বাইলটির প্রয়োজন ছিল। সে সময় ভ্যাকসিনের ব্যবস্থঅ ছিল না। পরবর্তীতে ভ্যাকসিন এলেও খুব কম সংখ্যক মানুষই তা পেয়েছিলেন। সৌভাগ্যবশত ভ্যাকসিনেশনের উচ্চ হার ও এপিডিমিওলজিক্যাল বর্তমান প্রবণতা বিবেচনায় নিয়ে অন্টারিও সরকারের সঙ্গে মিল রেখে টরন্টো বিধিবিধানগুলো প্রত্যাহার করে নিতে পারে।
২০২০ সালের ৭ জুলাই থেকে নগরীতে মাস্ক বাইলটি কার্যকর আছে। একই মাসের শেষের দিকে প্রদেশজুড়ে মাস্ক পরিধান বিধি চালু করা হয়।
সিটি কর্তৃপক্ষ মাস্ক সংক্রান্ত বাইল বাতিলের পথে থাকলেও টিটিসিতে এটা বলবৎ থাকবে। আলাদা একটি বাধ্যতামূলক মাস্ক নীতি ২০২০ সালের জুন মাসে টিটিসিতে কার্যকর করা হয়।
টিটিসির মুখপাত্র স্টুয়ার্ট গ্রিন টুইটারে পোস্ট করা এক বার্তায় বলেন, অন্তত ২৭ এপ্রিল পর্যন্ত যানবাহন ও স্টেশনগুলো মাস্ক পরিধানের বিধান কার্যকর থাকবে। এরপর টিটিসির মাস্ক নীতির কী হবে সে সম্পর্কে কিছু বলেননি তিনি।
তিনি বলেন, আমাদের নীতিতে কোনো পরিবর্তন এলে উপযুক্ত সময়ে প্রকাশ্যে তা জানিয়ে দেওয়া হবে।
This article was written by Rezaul Haque as part of the Local Journalism Initiative.
