পিসিআর পরীক্ষা

স্কুল চলাকালীন সময়ে স্কুলগামী শিশুরা পিসিআর কোভিড ১৯ পরীক্ষার যোগ্য না হলে সশরীরে পাঠ নেওয়ার সুযোগ পাবে না তারা অন্টারিওর জনস্বাস্থ্য বিভাগের তরফ থেকে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে

স্কুল চলাকালীন সময়ে স্কুলগামী শিশুরা পিসিআর কোভিড-১৯ পরীক্ষার যোগ্য না হলে সশরীরে পাঠ নেওয়ার সুযোগ পাবে না তারা। অন্টারিওর জনস্বাস্থ্য বিভাগের তরফ থেকে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

ব্যাপক চাহিদার পরিপ্রেক্ষিতে ফোর্ড সরকার কোভিড পরীক্ষার নীতিমালা সীমিত করে এনেছে। এর আওতায় যারা পিসিআর পরীক্ষার যোগ্য হবে না বলে উল্লেখ করা হয়েছে স্কুলগামী শিশুরা তাদের অন্যতম। ১৭ জানুয়ারি পর্যন্ত স্কুলগুলোতে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকার সময় মা-বাবাদের তাদের সন্তানদের পিসিআর পরীক্ষার জন্য বুকিং না দেওয়ার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা।

- Advertisement -

স্বাস্থ্য বিভাগ বলছে, আদিবাসী শিশু এবং পর্যাপ্ত আবাসন সুবিধার বাইরে থাক অথবা গৃহহীন শিশুরা এখনও বিনামূল্যে পিসিআর কোভিড-১৯ পরীক্ষার সুযোগ পাচ্ছে।

অন্টারিওর নতুন পরীক্ষা নীতিমালায় উপসর্গ থাকুক বা না থাকুক অনেককেই পরীক্ষা সুবিধার বাইরে রাখা হয়েছে। কর্মকর্তারা বলছেন, জানুয়ারিতে অন্টারিও ১১ কোটি ৯০ লাখ র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট পেতে পারে। কিন্তু এর সিংহভাগই চলে যাবে স্বাস্থ্যকর্মী এবং কেয়ার হোমগুলোর বাসিন্দা ও কর্মীদের পরীক্ষায়। যেকোনো বয়সের জ্যেষ্ঠ নাগরিক, যারা কেয়ার হোমে থাকছেন না তাদেরকে পরীক্ষা নীতিমালার বাইরে রাখা হয়েছে।

তাহলে উপসর্গ দেখা দিয়েছে এমন জ্যেষ্ঠ নাগরিক যারা কোভিড-১৯ এ আক্রান্ত বলে মনে করছেণ তারা কি করবেন? এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, প্রয়োজন হলে তারা তাদের উপসর্গগুলোর ওপর নজর রাখবেন, তাদের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করবেন অথবা টেলিহেলথ অন্টারিওর সহায়তা নেবেন। তবে হেলথ কানাডা কোভিড-১৯ এর চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিভাইরাল ওষুধ প্যাক্সলোভিড অনুমোদন করলে কমিউনিটির জ্যেষ্ঠ নাগরিকতেদর বিনামূল্যে পিসিআর পরীক্ষার আওতায় আনতে পরীক্ষা নীতিমালা হালনাগাদ করতে প্রস্তুত থাকবেন।

এদিকে নতুন বিচ্ছিন্নবাস নীতিমালাও তৈরি করেছে অন্টারিও। এই নীতিমালার আওতায় ভ্যাকসিন গ্রহীতা কারও মধ্যে কোভিড-১৯ এর উপসর্গ দেখা দিলে তাকে ৫ দিনের বিচ্ছিন্নবাসে থাকতে হবে। তবে উপসর্গের উন্নতি দেখা দিলে অ্যান্টিজেন পরীক্ষার ভিত্তিতে বিচ্ছিন্নবাসের মেয়াদ কমিয়ে আনা যাবে। আর ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি পরীক্ষাতেই কেউ যদি কোভিড নেগেটিভ হন তাহলে তিনি কর্মক্ষেত্রে যেতে পারবেন বলে জানিয়েছেন অন্টারিওর জনস্বাস্থ্য বিভাগের চিফ মেডিকেল অফিসার ডা. কিয়েরান মুর।

অন্টারিওর পরীক্ষা নীতিমালা সীমিত করে আনার পর অ্যান্টিজেন পরীক্ষার ফলাফল জানানোর জন্য অনেকেই অনলাইন পোর্টাল চালু করেছেন। তবে প্রদেশের এ ধরনের পোর্টাল তৈরির কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, ব্রিটেনের অভিজ্ঞতা বলছে, খুব কম সংখ্যক মানুষই অ্যান্টিজেন পরীক্ষায় পজিটিভ হলে তা প্রকাশ করেন। তাই জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এ ধরনের উদ্যোগ খুব একটা কাজে আসবে বলে মনে হয় না।

This article was written by Rezaul Haque as part of the Local Journalism Initiative.

- Advertisement -

Read More

Recent