আমার ছড়ায় উঠবে নেচে ছোট্ট শিশুর হৃদয়খানিমায়ের মুখে শুনে শুনেই চিনবে ছড়ার ছন্দ-বাণী।
পবিত্র ওর ঠোঁটে-চোখে উঠবে ঝিলিক ফুটবে হাসি
আধো কথার ফুলঝুরিতে বলবে–‘ছলা ভালোবাছি!
চেনাজানা সবই থাকবে আসা যাওয়ার পথের ধারে
আমিই শুধু থাকবো না রে!
আমার ছড়ায় মুগ্ধ কিশোর হাস্যরসে উঠবে মেতে
মৌমাছিরা থাকবে বসে সর্ষে ক্ষেতে হৃদয় পেতে।
মধুর রসে সিক্ত ঠোঁটে মৌমাছিরা গুনগুনিয়ে–
উঠবে গেয়ে অপূর্ব গান আমার ছড়ায় সুর বসিয়ে।
থাকবে সবাই আগের মতোই সকল খেয়া পারাপারে
আমিই শুধু থাকবো না রে!
আমার ছড়ায় হরিণ হরিণ মন কিশোরী কলকলাবে
ওর বিনুনি দুলতে দুলতে ছড়ার দ্যুতিই ছড়িয়ে যাবে।
ওর হাসিতে হাসবে ছড়া, ছড়ার ছন্দ ওর দু’চোখে
ছড়ার ডানায় ভর করে সে পৌঁছুবে অমৃতলোকে।
একই রকম জোছনা ঝরবে, বৃষ্টি নামবে মেঘের ভারে
আমিই শুধু থাকবো না রে!…
আমার ছড়ার উদ্দীপনায় নবীন তরুণ-যুবার মনে
লতিয়ে উঠবে প্রেমের কুসুম ছন্দে ছন্দে সঙ্গোপনে।
প্রাজ্ঞ-প্রবীন বয়স্করাও পড়বে জানি আমার ছড়া
ভালোবাসার উতল হাওয়ায় উঠবে হেসে বসুন্ধরা…
ভিজবে সবাই, বর্ষা এসে ভিজিয়ে দেবে ভুবনটারে
আমিই শুধু থাকবো না রে!…
ইশকুলে ব্ল্যাকবোর্ডে টিচার ছড়ার পঙ্ক্তি দেবেন লিখে
জয়ী হবার মন্ত্র-শোলক ছাত্র-ছাত্রী ফেলবে শিখে।
আমার ছড়ার ছন্দ দোলায় সহজ হবে অংক খাতা
আমার কথা কইবে কেবল ছড়ার বইয়ের রঙিন পাতা।
থাকবে সবাই পাখির গানে নদীর ঢেউয়ের সমাহারে
আমিই শুধু থাকবো না রে!…
অটোয়া ০৩ জুলাই ২০২২
[ ছবি / শিল্পী মাসুক হেলাল ]
- Advertisement -
