
এক. বাঙালি জাতিসত্তার সংস্কৃতি চর্চার জন্য প্রাণ উজাড় করা কিছু নিবেদিতপ্রাণ কর্মী স্বেচ্ছায় নিজেদের ঢেলে দেন এই শহরের যে কোন আয়োজনে। মৈত্রেয়ী দেবী তাদের অন্যতম একজন। মৈত্রেয়ী দেবীর সম্পৃক্ততা মানেই স্বেচ্ছায় তিনি কাঁধে তুলে নেন সবচেয়ে কঠিন ও দুরূহতম ভারের কাজের একটি। শুধু তাই নয়, যে কোন আয়োজনে বা কাজে সহকর্মী বা সহযোদ্ধাদের আনন্দ-উচ্ছ্বাসে রাখার অন্তর্গত ভাবনাটাও মৈত্রেয়ী দেবীর যেন আরেক জীবনানন্দের অনুষঙ্গ।
‘মানুষ’ ভাবনার মধ্যে যে এক বিশাল-ব্যাপক-বিস্তার, তারই নিয়ত চর্চায় প্রতিদিনের যাপন-যাত্রায় মৈত্রেয়ী এক অনন্তপথিক। ‘মানুষ’ তো এরকমই হওয়ার কথা। মৈত্রেয়ী ও তার জীবনসঙ্গী বন্ধু রতন রায়কে দেখি আর অবাক হই। কী সহজ সুন্দর খোলা খাতার সাদা পৃষ্ঠার মতো জীবনযাপন। যা-ই আঁকা বা লেখা হচ্ছে, সবই প্রকাশিত। উন্মোচিত। কোন লুকোচুরি নেই৷ কোন অভিযোগ নেই৷ বড় ভালো লাগে ওদের কাছে গেলে।
দুই. প্রকৃতির অবারিত দানে মৈত্রেয়ী দেবীর সন্তুষ্টি ও কৃতজ্ঞতায় প্রকাশ পায় সৃষ্টিকর্তার প্রতি তার বন্দনা, বা একান্ত প্রার্থনা। সামান্য সময়ের ব্যবধানে, যে কৃতিত্বের পালক মৈত্রেয়ী দেবীর অর্জনের মুকুটকে উজ্জ্বল করে রেখেছে, এই স্বল্প সময়ে এরকম প্রাপ্তি সত্যিই অবাক করার। সত্যিই আন্তরিক প্রসংশার দাবীদার। এমনকি বিস্ময়করও বটে! কেন বিস্ময়কর? এতো স্বল্প সময়ের গীতিকার হিসেবে মৈত্রেয়ীর লেখা গানে কণ্ঠ দিয়েছেন, সৈয়দ আব্দুল হাদী, হৈমন্তী শুক্লা, জয়ীতা চক্রবর্তী, শুভমিতা প্রমুখ। তার লেখা গানে সুর করেছেন সুপর্ণকান্তি ঘোষ সহ এই সময়ের ব্যাপক জনপ্রিয় সুরকার। ভাবা যায়! আমাদের এক বোন-বন্ধু-সহযোদ্ধার এই অর্জন ও সাফল্য হিসেবে গৌরবের নয় কি! অভিনন্দন মৈত্রেয়ী দেবী!
তিন. আরো অনেক কাজ করতে হবে মৈত্রেয়ী দেবী। মুক্তিযুদ্ধের মূল্যবোধকে সাংস্কৃতিক চর্চায় ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। যার প্রধান উপজীব্য হবে মানুষের প্রতি ভালোবাসা। সারা বিশ্বজুড়ে আজ এক ক্রান্তিলগ্নে আছে মানুষ। একটিমাত্র মহৌষধ ‘ভালোবাসা’ এই ক্রান্তিকাল থেকে মানুষকে উদ্ধার করতে পারে। আসো, আমরা তা ছড়িয়ে দেই। তুমি যেমন প্রতিনিয়ত ছড়িয়ে দিচ্ছো তোমার আসেপাশের মানুষদেরকে। আরো ব্যাপকভাবে তা ছড়িয়ে দাও মৈত্রেয়ী! আর সবার কাছ থেকে তোমার কাছে তা আবার ফিরে ফিরে আসুক। মাসিমা যেমন প্রতিদিন প্রতি মুহূর্তে তোমাকে আশীর্বাদ দিয়ে যাচ্ছেন, তেমনি! বলো, দূর হোক সব অন্ধকার! গানে গানে, সুরে সুরে ভরা থাক সারাজীবনের দিনরাত!
শুভ জন্মদিন মৈত্রেয়ী দেবী!
টরন্টো, কানাডা
