
স্বল্প তহবিলের কারণে ক্ষতিগ্রস্থ ফার্স্ট নেশনের শিশু ও পরিবারগুলোর ক্ষতিপূরণে ২ হাজার কোটি ডলারের চুড়ান্ত বন্দোবস্ত চুক্তি স্বাক্ষর করেছে ফেডারেল সরকার। কানাডার ইতিহাসে এটাই এ ধরনের সবচেয়ে বড় চুক্তি বলে ইন্ডিজিনাস সার্ভিসেস কানাডা জানিয়েছে।
অ্যাসেম্বলি অব ফার্স্ট নেশন্সের ম্যানিটোবা অঞ্চলের প্রধান সিন্ডি উডহাউজ সোমবার এক বিবৃতিতে বলেন, আদিবাসীরা শিশুরা ভালো ও বৈষম্যহীন সরকারি নীতি দাবি করে। তিন দশক ধরে এ নিয়ে কথা বলা এবং কয়েক মাস ধরে আলোচনার পর আমি এটা গর্ববোধ করছি যে, আমাদের শিশু ও পরিবারগুলোর জন্য আরেকটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছি আমরা।
নীতিগতভাবে চুক্তিতে পৌঁছানোর কথা গত জানুয়ারিতে ঘোষণা করেছিল ফেডারেল সরকার। চুক্তির মধ্যে ছিল ২ হাজার কোটি ডলারের ক্ষতিপূরণ এবং আরও ২র হাজার কোটি ডলার আগামী পাঁচ বছরে ফার্স্ট নেশন্স শিশু কল্যাণ ব্যবস্থার সংস্কার। ২০২১ সালের ফিসক্যাল আপডেটে মোট ৪ হাজার কোটি ডলার বরাদ্দও রাখঅ হয়েছিল।
শিশু কল্যাণ সেবাকে প্রাদেশিক সরকারের দেওয়া অন্য কমিউনিটির শিশুদের সেবার তুলনায় অপ্রতুল তহবিলকে বৈষম্যমূলক বলে উল্লেখ করে প্রথমবারের মতো মামলা দায়ের করেছিল ফার্স্ট নেশন্স চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি কেয়ারিং সোসাইটি ও অ্যাসেম্বলি অব ফার্স্ট নেশন্স।
২০১৬ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী শিশুদের মাত্র ৮ শতাংশ আদিবাসী। কিন্তু ফস্টার কেয়ারে ১৫ বছরের কম বয়সী মোট শিশুর অর্ধেকের বেশি আদিবাসী।
কানাডিয়ান হিউম্যান রাইটস ট্রাইব্যুনাল ২০১৬ সালের এক রায়ে ফার্স্ট নেশন্স শিশুদের প্রতি ফেডারেল সরকারের বৈষম্য আছে বলে উল্লেখ করে। রায়টি বাতিল চেয়ে লিবারেল সরকার আপিল করলেও আদালত তা আমলে নেয়নি।
২০১৯ সালে ট্রাইব্যুনাল অপ্রয়োজনীয়ভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলা প্রত্যেক আদিবাসী শিশুকে ২০০৬ সাল থেকে ৪০ হাজার ডলার করে পরিশোধে সরকারের প্রতি নির্দেশ দেয়। ক্ষতিপূরণ দিতে বলা হয় সেইসব বাবা-মা বা গ্র্যান্ডপ্যারেন্টদের যাদের কাছ থেকেও তাদের সন্তানদের আলাদা করে দেওয়া হয়েছিল।
