প্রধান প্রধান ইস্যুগুলোর সমাধান করতে পারছে না ফোর্ড সরকার

প্রধান প্রধান ইস্যুগুলোর সমাধান ফোর্ড সরকার ঠিকমতো করতে পারছে না বলে নতুন এক সমীক্ষায় মন্তব্য করেছেন সিংহভাগ অন্টারিওবাসী

আবাসন, স্বাস্থ্যসেবা ও জ্যেষ্ঠ নাগরিকদের সেবার মতো প্রধান প্রধান ইস্যুগুলোর সমাধান ফোর্ড সরকার ঠিকমতো করতে পারছে না বলে নতুন এক সমীক্ষায় মন্তব্য করেছেন সিংহভাগ অন্টারিওবাসী। অ্যাঙ্গাস রিডের সমীক্ষা বলছে, প্রোগ্রেসিভ কনজার্ভেটিভদের দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের চার মাস পর দলটি সেভাবে দায়িত্ব পালন করতে পারছে না।

সমীক্ষায় অংশ নেওয়া ৮০ শতাংশের বিশ্বাস, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অন্টারিও মোটেও ভালো করছে না। আবাসনের ব্যাপারেও এ ধরনের মতামত সমসংখ্যক অংশগ্রহণকারীর। আর জ্যেষ্ঠ নাগরিকদের সেবা দেওয়ার কাজটি প্রোগ্রেসিভ সরকার বাজেভাবে করছে বলে মনে করেন সমীক্ষায় অংশ নেওয়া ৭৭ শতাংশ অন্টারিওবাসী।

- Advertisement -

অন্যদিকে কোভিড-১৯ ব্যবস্থায় সরকার খুব ভালো বা ভালো করছে বলে মনে করছেন সমীক্ষায় অংশ নেওয়া ৪৯ শতাংশ অন্টারিওবাসী। আর ফেডারেল সরকারের সঙ্গে ডগ ফোর্ড ভালো সম্পর্ক রক্ষা করে চলেছেন বলে মনে করেন ৪৪ শতাংশ।

এই গ্রীষ্মে ফোর্ড সরকারের পাস করা বিতর্কিত বিল ৭ নামে পরিচিত ‘মোর বেডস, বেটার কেয়ার অ্যাক্ট’ আইন নিয়েও অন্টারিওবাসীরা একইভাবে বিভক্ত। আইনটি লং-টার্ম কেয়ার হোমের অপেক্ষায় থাকা রোগীদের তাদের পছন্দ ব্যতিরেকেই হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের অন্য কেয়ার হোমে পাঠানোর ক্ষমতা দিয়েছে। পদক্ষেপটির প্রয়োজন ছিল বলে মনে করেন সমীক্ষায় অংশগ্রহণকারী প্রায় ৪৭ শতাংশ অন্টারিওবাসী। অন্যদিকে এটা বিবেচনায় নেওয়া উচিত হয়নি বলে মনে করেন ৫৩ শতাংশ।

জুনের নির্বাচনে যারা প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টিকে ভোট দিয়েছেন তাদের বড় অংশ অর্থাৎ প্রায় ৬৬ শতাংশ মনে করেন, রোগীদের পছন্দের বাইরে গিয়ে তাদেরকে অন্য লং-টার্ম কেয়ার হোমে স্থানান্তরের মাধ্যমে হলেও হাসপাতালের একিউট কেয়ার বেড খালি প্রয়োজন। যদিও প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টিকে ভোট দেওয়া প্রায় ৩৪ শতাংশ অন্টারিওবাসী এর সঙ্গে দ্বিমত পোষণ করেন এবং রোগীদের অধিকারের লঙ্ঘন বলে মনে করেন।

তবে লিবারেল ও এনডিপিকে ভোট দেওয়া উল্লেখযোগ্য সংখ্যক অন্টারিওবাসীও বিল ৭ এর প্রতি একমত পোষণ করেছেন। এনডিপিকে ভোট দেওয়া ৩১ শতাংশ এবং লিবারেল পার্টিকে ভোট দেওয়া ৪০ শতাংশ অন্টারিওবাসীর মত হচ্ছে, এই পদ্ধতিতে হাসপতালের শয্যা খালি করা উচিত সরকারের।

অ্যাঙ্গাস রিড ১৯ থেকে ২২ সেপ্টেম্বর অনলাইনে ১ হাজার ৫২ জন অন্টারিওবাসীর ওপর সমীক্ষাটি পরিচালনা করে।

- Advertisement -

Read More

Recent