
প্রাপ্ত বয়স্ক সব কানাডিয়ানের জন্য বুস্টার ডোজের প্রতি অনাস্থা দেখিয়েছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. নেইল রাউ। ইউনিভার্সিটি অব টরন্টোর মেডিসিন বিভাগের এই সহকারি অধ্যাপক রোববার বলেন, বুস্টার ডোজ আমরা কীভাবে বিতরণ করব, সে ব্যাপারে বাস্তবানুগ হতে হবে কানাডাকে।
তিনি বলেন, ইমিউনিটি হ্রাস পাওয়া শুরু হওয়ার এক থেকে তিন মাস পর্যন্ত বিদ্যমান ভ্যাকসিন সুরক্ষা দিতে সক্ষম। অর্থাৎ একটি বুস্টার ডোজ লম্বা সময় পর্যন্ত সংক্রমণ থামাতে পারবে না।
একই ভাইরাস থেকে সুরক্ষার জন্য বুস্টার ডোজের সাহায্যে সমগ্র জনগোষ্ঠীকে পুনরায় ভ্যাকসিনেটেড করা নিয়ে সংশয় আছে রাউয়ের। তিনি বলেন, আধিপত্যকারী নতুন কোনো ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষার জন্য বুস্টার ডোজ দেওয়া হলে সেখানে কিছু যুক্তি থাকতে পারে। সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু মানুষকে বুস্টার ডোজ দেওয়ার সুযোগ রয়েছে।
তিনি মনে করেন, এর পরিবর্তে কানাডার উচিত বয়স্ক নাগরিক, অঙ্গ প্রতিস্থাপনের রোগী ও কেমোথেরাপির রোগীদের মতো ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ভ্যাকসিনেশনের আওতায় আনার দিকে মনোযোগ বাড়ানো।
স্বাস্থ্যকর্মীদের মধ্যে বুস্টার ডোজ অনুমোদনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সংক্রমণ থামানোর জন্য যদি এটি করা হয় তাহলে প্রত্যেক তিন মাস অন্তর তাদেরকে বুস্টার ডোজ দিতে হবে। প্রত্যেককে বুস্টার ডোজ দেওয়ার ঝুঁকিপূর্ণ এ পথে আমরা হাটবো না বলেই আমার বিশ^াস। আমরা এটা করতে পারি না।
তার এ অবস্থান কানাডার কিছু নীতির বিপরীত। যেমন ম্যানিটোবা ১৮ বছরের বেশি বয়সীদের মধ্যে এরই মদ্যে বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে। হেলথ কানাডাও ১৮ বছরের বেশি বয়সী সবার ক্ষেত্রে ফাইজার ও মডার্নার ভ্যাকসিন বুস্টার ডোজ হিসেবে প্রয়োগের অনুমোদন দিয়েছে। তবে ন্যাশনাল কমিটি অন ইমিউনাইজেশন (এনএসিএ) এখন পর্যন্ত সব নাগরিকের ওপর বুস্টার ডোজ প্রয়োগের সুপারিশ করেনি। যদিও আগামী বছরের কোনো এক সময় তাদের কাছ এ সংক্রান্ত সুপারিশ আসবে বলে মনে করেন কানাডার উপপ্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. হাওয়ার্ড এনজু।
টরন্টো, কানাডা
