
ফেডারেল সরকারের কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য ভলান্টারি কোড অব কন্ডাক্টে আরও আটটি সংস্থা স্বাক্ষর করেছে। সংস্থাগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার প্রস্তুতকারক লেনোভো, সফটওয়্যার কোম্পানি সেলসফোর্স, ক্রেডিট কার্ড কোম্পানি মাস্টারকার্ড এবং এন্টারপ্রাইস সিস্টেমস বিজনেস কিন্ড্রিল।
কানাডিয়ান স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছে টরন্টো টেক হাব মারস ডিসকভারি ডিস্ট্রিক্ট, ভার্চুয়াল টিউটর অপারেটর অলোপ্রোভ, কনসাল্টিং ফার্ম লেভিও এবং কুইবেকের রিয়েল এস্টেট ব্রোকার সংস্থা। গত বছর চালু করা এই কোড গ্রহণকারীদের এআইয়ের ঝুঁকি কমাতে বেশ কিছু ব্যবস্থা অবশ্যই নিতে হবে। এর মধ্যে রয়েছে সম্ভাব্য পক্ষপাতিত্ব এড়াতে ডেটা সেট পরীক্ষা-নিরীক্ষা এবং সম্ভাব্য ক্ষতি এড়াতে তদারকি ব্যবস্থা।
ব্ল্যাকবেরি, আইবিএম এবং টেলাসের সঙ্গে কোহিয়ার, মিলা এবং ভেক্টর ইনস্টিউট আগেই কোডের ব্যাপারে সম্মতি জানালেও অন্যরা নীতিমালাটির সমালোচনা করেছে।
শপিফাই ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা টবি লুটকে বলেন, তিনি এই কোডকে সমর্থন করতে পারছেন না। কারণ, দেশের আরও বেশি রেফারির প্রয়োজন নেই এবং এর পরিবর্তে যেটা প্রয়োজন তা হলো লোকজনকে কানাডায় কোম্পানি তৈরিতে উৎসাহিত করা।
