
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেছেন,”১৮ মাসের মধ্যে নির্বাচন করতে সরকারকে সহায়তা করবো।” এটি একটি নির্বাচনের রোডম্যাপ।
কথা হচ্ছে, সেনাপ্রধান এই রোডম্যাপটি কি প্রধান উপদেষ্টা ড.ইউনুসের সম্মতি নিয়ে বলেছেন? নাকি প্রধান উপদেষ্টার সাথে আলোচনা না করেই দিয়েছেন? এই প্রশ্নগুলির উত্তর কিন্তু আমাদের জানা নেই।
পত্রিকা মারফত আমরা জেনেছি প্রধান উপদেষ্টার জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশ্যে যাওয়ার প্রাক্কালে সেনাপ্রধান ওয়াকার তার সাথে দেখা করেছেন। সেই ছবিও পত্রিকায় দেখা গেছে।
এই দেখা করার সময় সেনাপ্রধান কি তার ঘোষিত ১৮ মাসের রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার সাথে কথা বলে তার সম্মতি নিয়েছিলেন?
সেটি কিন্তু আমরা জানি না।
এর আগে প্রধান উপদেষ্টা তার ভাষনে যৌক্তিক সময়ের কথা উল্লেখ করেছিলেন। যৌক্তিক সময় বলতে আসলে কত দিন সেটি তিনি উল্লেখ করেননি।রাষ্ট্রীয় সংস্কার করতে যতদিন লাগে ঠিক ততদিন। এর এক দিনও বেশি থাকবেন না বলে প্রধান উপদেষ্টা বলেছিলেন।
যেহেতু প্রধান উপদেষ্টা এর আগে তার ভাষনে যৌক্তিক সময়ের কথা বলেছিলেন সেহেতু এই রোডম্যাপের কথা তার মুখ থেকে আসা উচিত ছিল। তিনি রাষ্ট্রের নির্বাহী প্রধান। নির্বাচন কবে হবে সেই রোডম্যাপ তিনি ঘোষণা দিলে মানানসই হতো। আমার কাছে অন্তত তাই মনে হয়েছে।
আমরা তো এর আগে শুনেছিলাম, ড.ইউনুসের অন্তবর্তীকালীন সরকার ৩ থেকে ৫ বছর থাকতে পারেন। কিন্তু এখন তো সেনাপ্রধানের বক্তব্য অনুযায়ী ১৮ মাস থাকবেন ।
অন্তবর্তীকালীন সরকারের এই রকম মেয়াদ কমে আসার হয়ত বাস্তব কিছু কারন আছে। তার মধ্যে রাজনৈতিক দলগুলির নানামুখি চাপ অন্যতম কারন হতে পারে।
নির্বাচন ছাড়া একটি অনির্বাচিত সরকার দীর্ঘ দিন থাকতে গেলে অন্যান্য নানা সমস্যা দেখা দিতে পারে।বৈদেশিক ব্যবসা-বানিজ্যের ক্ষেত্রে ইন্টারিম সরকারকে কেউ আস্থায় নিয়ে দীর্ঘ মেয়াদী কোন চুক্তিতে আবদ্ধ হতে চায় না।তারা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করে।
প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় স্থবিরতা কাটিয়ে উঠার জন্য নির্বাচিত ম্যান্ডেটেড সরকার জরুরী।
আরেকটি কারন হতে পারে, অন্তবর্তীকালীন সরকার ৬ টি সংস্কার কমিশনকে সময় বেঁধে দিয়েছে তিন মাস। এই তিন মাসের মধ্যে ৬ টি সংস্কার কমিশনকে তাদের সংস্কার প্রস্তাব চূড়ান্ত করতে বলা হয়েছে। সেই কারনেই হয়ত প্রশ্ন আসবে, আর বেশি সময় লাগবে কেন?
সর্বশেষ কারন হতে পারে, বর্তমান সেনাপ্রধানের মেয়াদকাল। তিনি হয়ত অবসরে যাওয়ার আগেই নির্বাচন সম্পন্ন করতে আগ্রহী।
কিন্তু কারন যাই হোক না কেন নির্বাচনের রোডম্যাপ আসা উচিত ছিল প্রধান উপদেষ্টার কাছ থেকে।
সেটা না হওয়ায় অবাক হয়েছি।
স্কারবোরো, কানাডা
