
প্রিমিয়ার ডগ ফোর্ডকে এক হাত নিয়েছেন অন্টারিওর নতুন লিবারেল নেতা বনি ক্রম্বি। দলের বার্ষিক সাধারণ সভায় নির্বাচনী স্টাইলের নতুন শ্লোগান সামনে আনেন তিনি।
অন্টারিওর লন্ডনে সমবেত দলীয় সদস্যদের উদ্দেশে ভাষণ দেন বরি ক্রম্বি। আগাম নির্বাচনের হুমকির মধ্যে নীতি তৈরির লক্ষ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ক্রম্বি বলেন, সরকারের সামনে এখন সেই সময় হাজির হয়েছে, যখন তারা নিজেদের জন্য কম করবে এবং আপনাদের জন্য বেশি করবে।
‘আপনাদের জন্য আরও বেশি’ লাইনটি তিনি একাধিকবার ব্যবহার করেন। তিনি বলেন, এটাই অন্টারিওবাসীর প্রত্যাশিত।
গত বছরের শেষ দিকে অন্টারিও লিবারেলের প্রধান নির্বাচিত হওয়ার পর এটাই ক্রম্বির বার্ষিক সভায় প্রথম বক্তৃতা। ক্রম্বি তার বক্তৃতার বড় অংশ ব্যয় করেন প্রিমিয়ার ডগ ফোর্ড এবং তার প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ সরকারের সমালোচনার পেছনে। পুরো বক্তৃতায় প্রায় দুই ডজনবার দলটির প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। ক্রম্বি বলেন, এখন আর লোকজন আগে বাড়ছে না। তারা কেবল টিকে আছে। আপনারা কী জানেন কেন এটা? এর দায় ডগ ফোর্ডের।
অন্টারিওর মিসিসোগার সাবেক এই মেয়র স্বাস্থ্যসেবা, শিক্ষা ও আবাসনে আরও বেশি কিছু করার প্রতিশ্রুতি দেন। তবে কীভাবে সেটা করবেন সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।
কানাডার বাকি অংশের মতো অন্টারিও ক্রয়ক্ষমতা সংকটে খাবি খাচ্ছে। বিশেষ করে আবাসনের ক্ষেত্রে। ২০৩১ সালের মধ্যে ১৫ লাখ বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন ফোর্ড। কিন্তু উচ্চ সুদের হার এবং কিছু ভুল পদক্ষেপ সেই লক্ষ্য অর্জন থেকে সরকারকে পিছিয়ে দিয়েছে।
ফোর্ডের গ্রিনবেল্ট বিতর্ক নিয়ে বর্তমানে তদন্ত করছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। ৫০ হাজার বাড়ি নির্মাণের লক্ষ্যে সরকার ১৫ খ- সংরক্ষিত জমি উন্মুক্ত করে দিয়েছিল। দুটি প্রাদেশিক তদন্তে এটা উঠে আসে যে, ওই প্রক্রিয়ার সময় প্রদেশ নির্দিষ্ট কিছু ডেভেলপারকে অন্যদের তুলনায় বাড়তি সুবিধা দিয়েছিল।
