মর্টগেজ রেট কমছে, কিন্তু বাড়ির দামও নিচের দিকে

অন্টারিওসহ গোটা কানাডার আবাসন বাজারে এক জটিল চিত্র উঠে আসছে সাম্প্রতিক সময়ে

অন্টারিওসহ গোটা কানাডার আবাসন বাজারে এক জটিল চিত্র উঠে আসছে সাম্প্রতিক সময়ে। একদিকে মর্টগেজ রেট কমে যাওয়ায় স্বস্তির হাওয়া বইছে, অন্যদিকে বাড়ির দামের পতন বাজারে তৈরি করছে অনিশ্চয়তা ও দ্বিধা। ব্যাঙ্ক অফ কানাডা ২০২৫ সালের প্রথমার্ধে মূল সুদের হার ২২৫ বেসিস পয়েন্ট কমিয়ে এনেছে ২.৭৫ শতাংশে। এরই প্রভাবে বর্তমানে ৫-বছরের ফিক্সড মর্টগেজ রেট নামছে ৪.৪০–৪.৫০ শতাংশের মধ্যে, এবং কিছু ক্ষেত্রে তা আরও নেমে ৩.৮৪ শতাংশেও পৌঁছেছে বলে জানাচ্ছেন ব্রোকাররা। একইসঙ্গে ভ্যারিয়েবল রেটও রয়েছে ৪.৫০ শতাংশের আশপাশে।

এই রেট হ্রাস অনেক নতুন ক্রেতার কাছে ইতিবাচক বার্তা দিলেও, বাজারের অন্য এক প্রান্তে চলছে সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা। বাড়ির দাম কমার ধারা এখন স্পষ্ট। জুন মাসে টরন্টোতে গড় বাড়ির মূল্য নেমে এসেছে ৯৭৫৪০০ ডলারে, যা আগের বছরের তুলনায় প্রায় ৪.৪ শতাংশ কম। গ্রেটার টরন্টো এরিয়াতে এই পতন আরও গভীর, বাৎসরিক হারে কমেছে ৫.৫ শতাংশ, আর মাসওয়ারি কমেছে ১.৭ শতাংশ।

- Advertisement -

কানাডা রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন (CREA)-এর তথ্য অনুযায়ী, দেশজুড়ে জুন মাসে গড় বাড়ির মূল্য ছিল ৬৯১৬৪৩ ডলার, যা ২০২৪ সালের জুনের তুলনায় ১.৩ শতাংশ কম। বাড়ির দামে পতনের প্রধান কারণ হিসেবে উঠে এসেছে অতিরিক্ত ইনভেন্টরি। শুধুমাত্র গ্রেটার টরন্টোতে তেই জুন মাসে বিক্রয়ের জন্য তালিকাভুক্ত বাড়ির সংখ্যা ছাড়িয়েছে ৩১,৬০০—গত ৩০ বছরের মধ্যে যা সর্বোচ্চ।

এই পরিস্থিতিতে বাজার এখন কার্যত ক্রেতার পক্ষে ঝুঁকে পড়েছে। অনেকেই এই সময়কে ‘সুবর্ণ সুযোগ’ হিসেবে দেখলেও বিশেষজ্ঞরা সতর্ক করছেন। কারণ, মর্টগেজ রেট কমার ফলে নতুন গ্রাহকরা কিছুটা উপকৃত হলেও যাঁরা আগের কম রেটে (বিশেষত ২০২০–২১ সালের সময়কালে) মর্টগেজ নিয়েছিলেন এবং এখন রিনিউ করছেন, তাঁদের মাসিক কিস্তি ১০–১৫ শতাংশ পর্যন্ত বেড়ে যাচ্ছে। এতে অনেকের বাজেটেই টান পড়ছে।

বাড়ির দাম কমায় কিছু ক্রেতা মনে করছেন, এখনই উপযুক্ত সময় বাড়ি কেনার। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এই পতন কি দীর্ঘমেয়াদি নাকি সাময়িক? কর্মসংস্থানের স্থিতিশীলতা, ভবিষ্যতের অর্থনৈতিক চিত্র এবং সুদের হারের অনিশ্চয়তা মিলিয়ে বাজারে এক ধরনের ‘ওয়েট এন্ড ওয়াচ’ মনোভাব তৈরি হয়েছে। ফলে একদিকে ক্রেতারা অপেক্ষায় আরও দাম কমার আশায়, অন্যদিকে বিক্রেতারা চেষ্টা করছেন মূল্য ধরে রাখতে। বিনিয়োগকারীরাও অপেক্ষা করছেন বাজারে পরবর্তী কোনো স্পষ্ট সূচকের।

সাম্প্রতিক রেট হ্রাস সাধারণ মানুষের জন্য সাময়িক স্বস্তি বয়ে আনলেও, বর্তমান আবাসন বাজার দাঁড়িয়ে আছে এক দ্বৈত চাপে, সস্তা ঋণের সুযোগ আর কম দামে বিক্রির বাস্তবতা। এমন পরিস্থিতিতে হঠকারী সিদ্ধান্ত না নিয়ে, প্রতিটি পদক্ষেপ নেওয়া উচিত হিসেব-নিকেশ করেই। কারণ কানাডার হাউজিং মার্কেট এখন আর আগের মতো সরল নেই, এটা এখন এক গাণিতিক সমীকরণের মতো জটিল, যেখানে ভুলে গেলে খেসারত দিতে হতে পারে বড়সড়ভাবে।

- Advertisement -

Read More

Recent