
টরন্টোর অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক অনুষ্ঠান “টেস্ট অব দ্য ড্যানফর্থ” ২০২৫ সালেও অনুষ্ঠিত হচ্ছে না। শহরের পক্ষ থেকে জানানো হয়েছে, আয়োজক সংস্থা গ্রিকটাউন অন দ্য ড্যানফর্থ বিজনেস ইমপ্রুভমেন্ট এরিয়া এ বছরও উৎসব না করার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগের বছর ২০২৪-এও উৎসব বাতিল হয়েছিল। তখন বিজনেস ইমপ্রুভমেন্ট এরিয়া-এর সদস্যরা প্রয়োজনীয় তহবিল সংগ্রহের জন্য প্রায় ২০ শতাংশ লেভি বৃদ্ধির প্রস্তাবের পক্ষে ভোট দেননি বলে জানায় ট্যুরিজম ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব অন্টারিও।
২০২৩ সালের আসরে তহবিল সংগ্রহ ও পরিকল্পনায় বড় ধরনের সমস্যার মুখে পড়ে আয়োজকরা, যার প্রভাব পড়ে পরবর্তী বছরগুলিতে। ফলে গত দুই বছর ধরে এই ঐতিহ্যবাহী উৎসব বন্ধ রয়েছে।
১৯৯৪ সাল থেকে শুরু হওয়া এই উৎসবটি গ্রিক সংস্কৃতি, খাবার ও বিনোদনের জন্য পরিচিত ছিল এবং প্রতিবছর হাজার হাজার দর্শনার্থীকে আকর্ষণ করত। এ বছরও বাতিল হওয়ায় অনেকের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
শহর কর্তৃপক্ষ জানিয়েছে, আয়োজকদের কাছ থেকে এখনো আগামী বছরের জন্য কোনো পরিকল্পনার বিষয়ে যোগাযোগ পাওয়া যায়নি। ফলে ২০২৬ সালে এই উৎসব ফিরবে কিনা, তা অনিশ্চিত রয়ে গেছে।
