
অন্টারিও লেকের বোট ক্রুজ ব্যবসা একসময় ছিল টরন্টোর গ্রীষ্মকালীন পর্যটনের অন্যতম আকর্ষণ। লেকের জলে সূর্যাস্তের রঙ, ডেকে ভিড় করা যাত্রীদের উচ্ছ্বাস আর নৌকার হর্ন সব মিলে যেন এক উৎসবের আবহ। কিন্তু এ বছর সেই চিত্র বদলে গেছে।
গ্রীষ্মের মৌসুমের মাঝামাঝি এসে দেখা যাচ্ছে, যাত্রী সংখ্যা আগের তুলনায় কমপক্ষে ৩০ থেকে ৪০ শতাংশ হ্রাস পেয়েছে। এক ক্রুজ মালিক জানালেন, “খরচ দিন দিন বাড়ছে, কিন্তু মানুষ আর আগের মতো টাকা খরচ করতে চাইছে না। মুদ্রাস্ফীতি আর জ্বালানির মূল্যবৃদ্ধি আমাদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে।”
একজন কর্মী বলেন, টিকিটের দাম বাড়ালে যাত্রী আসছে না, আবার দাম না বাড়ালে লোকসান হচ্ছে। জুনের শুরুতে টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে একাধিক বুকিং বাতিল হয়েছে। ফলে অনেক দিনই কর্মীরা খালি চেয়ারের দিকে তাকিয়ে কাটিয়েছেন।
এদিকে পর্যটকদের রুচিতেও পরিবর্তন এসেছে। ওয়াটার পার্ক, ইনডোর অ্যাডভেঞ্চার কিংবা হেলিকপ্টার ট্যুর এখন বিনোদনের নতুন বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে। যে কারণে ক্রুজের প্রতি আগ্রহ কমছে।
পর্যটন খাতের বিশেষজ্ঞরা মনে করছেন, অন্টারিও লেক ক্রুজ ব্যবসা টিকিয়ে রাখতে হলে নতুনত্ব আনতে হবে। যেমন, থিম নাইট ক্রুজ, কর্পোরেট ইভেন্ট, মৌসুমি উৎসব বা বিশেষ অফার প্যাকেজ। পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকদের লক্ষ্য করে প্রচারণা চালানোও জরুরি।
ক্রুজ মালিকেরা সরকারের সহায়তার আশাও করছেন। তাদের দাবি, জ্বালানি খরচে ভর্তুকি, পর্যটন প্রচারে সহযোগিতা ও লেক এলাকার অবকাঠামো উন্নয়ন করলে এই খাত আবার চাঙ্গা হতে পারে। ইতিমধ্যেই কয়েকটি ব্যবসায়িক সংগঠন একসঙ্গে প্রচারণা শুরু করেছে।
অন্টারিও লেকের বোট ক্রুজ শুধু বিনোদন নয়, স্থানীয় অর্থনীতিরও বড় ভরসা রেস্তোরাঁ, হোটেল, ট্যুর গাইড, পরিবহনসহ শত শত মানুষের জীবিকা এর সঙ্গে জড়িত। তাই অনেকেরই আশা, সঠিক পরিকল্পনা ও সময়মতো উদ্যোগ নিলে আবারও লেকের জলে ফিরবে হাসি-আনন্দ আর পর্যটকদের ভিড়।
