
কানাডার ইতিহাসে অন্যতম বৃহৎ তামাক বন্দোবস্তের অর্থ শুক্রবার থেকে প্রদেশ ও অঞ্চলগুলোর হাতে পৌঁছাতে শুরু করেছে। তবে স্বাস্থ্য সংস্থা ও তামাকবিরোধী সংগঠনগুলো বলছে, এই অর্থ যেন শুধু রাজস্ব ঘাটতি পূরণে না গিয়ে ধূমপান নিয়ন্ত্রণ ও তরুণদের রক্ষায় গৃহীত স্বাস্থ্য কর্মসূচিতে ব্যবহার করা হয়।
অন্টারিও সুপিরিয়র কোর্টের প্রধান বিচারপতি জিওফ্রি মোরাওয়েটজ গত মার্চে এই বহুল আলোচিত বন্দোবস্ত অনুমোদন করেন। এতে কানাডার তিন প্রধান তামাক কোম্পানি জেটিআই-ম্যাকডোনাল্ড কর্পোরেশন, রথম্যান্স, বেনসন অ্যান্ড হেজেস, এবং ইম্পেরিয়াল টোব্যাকো কানাডা লিমিটেড এর সঙ্গে ক্রেডিটরদের মধ্যে ৩ হাজার ২৫০ কোটি ডলারের সমঝোতা হয়। এই মধ্যস্থতা প্রক্রিয়া চলেছিল প্রায় কয়েক বছর ধরে, এবং ২০২৪ সালের অক্টোবরে এর চূড়ান্ত রূপরেখা প্রকাশ পায়।
এই সমঝোতা অনুযায়ী, আগামী ২০ বছরের মধ্যে কানাডার প্রদেশ ও অঞ্চলগুলো মোট ২ হাজার ৪০০ কোটি ডলার ক্ষতিপূরণ হিসেবে পাবে। এছাড়া, কুইবেকের দুটি ক্লাস-অ্যাকশন মামলার বাদীদের মধ্যে ৪০০ কোটি ডলার সমানভাবে ভাগ করে দেওয়া হবে।
শুক্রবার থেকে সদস্যদের কাছে প্রথম ধাপের অর্থ পৌঁছাতে শুরু করেছে।
প্রদেশগুলোর মধ্যে অন্টারিও ও কুইবেক পেয়েছে সবচেয়ে বেশি অর্থ অন্টারিও পেয়েছে ১৮০ কোটি ডলার, আর কুইবেক ১৭০ কোটি ডলার। এই অর্থ প্রাদেশিক সরকারগুলোর হাতে সরাসরি জমা হচ্ছে, এবং তারা কীভাবে এই তহবিল ব্যবহার করবে, সেটিই এখন জাতীয় আলোচনার বিষয়।
কানাডিয়ান ক্যানসার সোসাইটির জ্যেষ্ঠ নীতি বিশ্লেষক রব কানিংহাম বলেন, “এই বন্দোবস্ত প্রাদেশিক ও আঞ্চলিক সরকারগুলোর জন্য এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে তাদের তামাক নিয়ন্ত্রণ কৌশলে বড় ধরনের বিনিয়োগ করার। যদি এই অর্থ যথাযথভাবে ব্যবহার করা যায়, তাহলে ধূমপান ও তামাক ব্যবহারের হার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।”
তামাকবিরোধী সংগঠনগুলো মনে করে, এই বিপুল পরিমাণ অর্থ জনগণের স্বাস্থ্য উন্নয়ন, ধূমপানবিরোধী শিক্ষা, এবং তরুণদের মধ্যে তামাক ব্যবহার রোধে সচেতনতামূলক কর্মসূচিতে ব্যয় করা উচিত।
এই তহবিলের মধ্যে একটি বড় অংশ ধূমপায়ী নাগরিকদের জন্যও নির্ধারিত। মামলায় অন্তর্ভুক্ত নন এমন কানাডিয়ান ধূমপায়ীরা মোট ২৫০ কোটি ডলার ক্ষতিপূরণ পাবেন। এছাড়া ১০ কোটি ডলারের বেশি অর্থ যাবে এমন সব ফাউন্ডেশনে যারা তামাক-সম্পর্কিত রোগের বিরুদ্ধে গবেষণা ও সহায়তা কার্যক্রম পরিচালনা করে।
এই বন্দোবস্তের পেছনে রয়েছে বহু বছরের আইনি লড়াই। কুইবেকের দুটি ক্লাস-অ্যাকশন মামলা এবং প্রাদেশিক সরকারগুলোর স্বাস্থ্যসেবা ব্যয় সংক্রান্ত দাবি একত্রে এই বিশাল সমঝোতার ভিত্তি গড়ে দেয়। বহু বছর ধরে তামাক কোম্পানিগুলো অভিযোগের মুখে ছিল যে, তারা ধূমপানের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জনসাধারণকে যথাযথভাবে সতর্ক করেনি।
বিশ্লেষকরা বলছেন, যদি এই অর্থ শুধুমাত্র সরকারি বাজেটের ঘাটতি পূরণে ব্যবহার হয়, তবে এটি হবে এক “হারানো সুযোগ”। কানাডায় প্রতি বছর ধূমপানের কারণে হাজার হাজার মানুষ মারা যায় এবং স্বাস্থ্যখাতে বিলিয়ন ডলার ব্যয় হয়। সুতরাং, এই বন্দোবস্তের অর্থ যদি ধূমপান নিয়ন্ত্রণে ব্যয় করা হয়, তাহলে তা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যব্যবস্থার উপর চাপ কমাতে পারে।
তবে ইতিহাস বলছে, পূর্ববর্তী তামাক বন্দোবস্তগুলোর ক্ষেত্রেও প্রদেশগুলো প্রাপ্ত অর্থের বড় অংশ সাধারণ তহবিলে যুক্ত করে ফেলেছিল, যা নিয়ে সমালোচনা রয়েছে।
তামাক বন্দোবস্ত থেকে পাওয়া এই বিপুল অর্থ এখন কানাডার প্রদেশ ও অঞ্চলগুলোর হাতে। তারা কীভাবে এই অর্থ ব্যবহার করবে জনস্বাস্থ্য উন্নয়নে, নাকি প্রশাসনিক খাতে তা-ই নির্ধারণ করবে এই চুক্তির প্রকৃত তাৎপর্য।
তামাকবিরোধী কর্মীরা তাই এককথায় বলছেন “এটি কেবল অর্থ নয় এটি একটি প্রজন্মকে রক্ষা করার সুযোগ।”
