ঘোষিত চাইল্ডকেয়ার ফি বাস্তবায়নে পিছিয়ে অন্টারিও

শিক্ষামন্ত্রী পল ক্যালান্দ্রা বলেছেন এটা অ্যাকাউন্টিং ইস্যু তবে আসন্ন তহবিল ঘাটতির পরিস্থিতি এখনো বিদ্যমান

অন্টারিও প্রদেশ প্রতিশ্রুত দৈনিক ১০ ডলারের চাইল্ডকেয়ার ফি বাস্তবায়নে এখনও পিছিয়ে রয়েছে এমনটাই জানিয়েছে প্রদেশের অডিটর জেনারেল শেলি স্পেন্সের কার্যালয়। বুধবার প্রকাশিত এক বিস্তৃত প্রতিবেদনে উঠে এসেছে, ফি কমানো, আসন সংখ্যা বৃদ্ধি এবং যোগ্য কর্মী নিয়োগ এই তিনটি মূল লক্ষ্যেই অন্টারিও যথেষ্ট অগ্রগতি দেখাতে পারেনি।

ফেডারেল সরকারের জাতীয় চাইল্ডকেয়ার কর্মসূচির আওতায় কানাডার বেশিরভাগ প্রদেশ ইতোমধ্যে ডে-কেয়ার ফি দৈনিক ১০ ডলারের কাছাকাছি নামিয়ে এনেছে। কিন্তু অন্টারিও এখনও সেই লক্ষ্য থেকে দুরত্বেই রয়েছে। কিছু ক্ষেত্রে আংশিক পরিবর্তন আনা হলেও মূল লক্ষ্য পূরণের পথে বাধা রয়ে গেছে।

- Advertisement -

অডিটর জেনারেল স্পেন্স সংবাদ সম্মেলনে বলেন, দৈনিক ১০ ডলার ফি বাস্তবায়নযোগ্য। কিন্তু বর্তমান কাঠামো ঠিক না করলে ভবিষ্যতে এটি গুরুতর সমস্যা তৈরি করবে।”

অন্টারিও ও ফেডারেল সরকারের মধ্যে থাকা নীতিগত সমঝোতা ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। তবে হ্রাসকৃত ফিতে সেবা প্রদানের বিষয়ে প্রদেশটি এখনও কোনো আনুষ্ঠানিক চুক্তি করেনি। এতে করে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে সংশয় আরও গভীর হয়েছে।

প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, চাইল্ডকেয়ার খাতে ফেডারেল সরকারের বরাদ্দ বর্তমান ব্যয় কাভার করতে পারছে না। আগামী বছরই প্রদেশকে প্রায় ২০০ কোটি ডলারের ঘাটতির মুখে পড়তে হবে।

অন্যদিকে, কানাডার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ডে-কেয়ার সেবা অন্টারিওতেই। ফেডারেল সরকারের পাঁচ বছরের বরাদ্দের চার বছরেই প্রদেশটি বেশিরভাগ অর্থ খরচ করে ফেলেছে।

অন্টারিওর শিক্ষামন্ত্রী পল ক্যালান্দ্রা জানিয়েছেন, “এটি মূলত একটি অ্যাকাউন্টিং সমস্যা। তবে তহবিল ঘাটতির বাস্তবতা অস্বীকার করা যায় না। বর্তমান আর্থিক সীমাবদ্ধতায় আমরা ১০ ডলারের চাইল্ডকেয়ার বাস্তবায়নের মতো অবস্থায় নেই। ফেডারেল সরকার অতিরিক্ত তহবিল না দিলে তা সম্ভব নয়।”

প্রতিবেদন বলছে অন্টারিওতে নতুন চাইল্ডকেয়ার আসন তৈরির লক্ষ্যের বড় অংশই অপূর্ণ। যোগ্য কর্মী সংকট আরো গভীর হচ্ছে, ফলে পরিচালনার মান বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। ব্যয় বাড়ার কারণে অনেক কেন্দ্রই ১০ ডলারের স্কিমে যোগ দিতে অনাগ্রহ প্রকাশ করছে।

কানাডায় সাশ্রয়ী চাইল্ডকেয়ার শুধু পরিবার ও অভিভাবকদের আর্থিক নিরাপত্তাই নয়, বরং দেশের কর্মবাজারে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির অন্যতম চাবিকাঠি। অন্য প্রদেশগুলো যেখানে এই পথে অগ্রসর হয়েছে, অন্টারিও সেখানে প্রশাসনিক জট, তহবিল সংকট এবং পরিকল্পনা বাস্তবায়নের ধীরগতিতে পিছিয়ে পড়ছে।

এখন প্রশ্ন অতিরিক্ত তহবিল ছাড়াই কি অন্টারিও প্রতিশ্রুত ১০ ডলারের ডে-কেয়ার বাস্তবায়ন করতে পারবে? অডিটর জেনারেলের রিপোর্ট ইঙ্গিত দিচ্ছে এই পথে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন ছাড়া সামনে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

- Advertisement -

Read More

Recent