৭৫ কোটি ডলারের প্রতিশ্রুতি

ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন মহামারির কারণে অর্থনীতিতে যে ধাক্কা তা সামলে উঠতে ও ট্রানজিট ব্যবস্থা সচল রাখতে মিউনিসিপালিটিগুলোর অর্থের প্রয়োজন

কোভিড-১৯ এর কারণে ট্রানজিট রাজস্বে যে ঘাটতি তৈরি হয়েছে তা পুষিয়ে নিতে সিটিগুলোকে এককালীন ৭৫ কোটি ডলার নগদ অর্থ প্রদানের ঘোষণা দিয়েছে ফেডারেল সরকার। তবে এজন্য দুটি শর্তও দিয়েছেন অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। এর একটি হলো প্রদেশগুলোকে অবশ্যই এ তহবিলের সঙ্গে সমন্বয় করতে হবে। দ্বিতীয়টি হলো বাড়ির সরবরাহ দ্রুত বাড়াতে সিটিগুলোর সঙ্গে কাজ করতে হবে।
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, মহামারির কারণে অর্থনীতিতে যে ধাক্কা তা সামলে উঠতে ও ট্রানজিট ব্যবস্থা সচল রাখতে মিউনিসিপালিটিগুলোর অর্থের প্রয়োজন।
কোভিড-১৯ এর প্রথম ঢেউয়ের সময় যাত্রী সংখ্যা অস্বাভাবিক কমে যায় এবং একাধিক বিধিনিষেধের কারণে তা কমই থাকে। এর ফলে বাস, সাবওয়ে ও লাইট রেল ব্যবস্থা সচল রাখতে মিউনিসিপালগুলোর তহবিলে টান পড়ে। গত বছরের ফেডারেল নির্বাচনের সময় বড় শহরগুলোর মেয়ররা ঘাটতি কাটিয়ে উঠতে একাধিক বছরের তহবিল প্রতিশ্রুতি চান। ওমিক্রন ঢেউ ট্রানজিট ব্যবস্থাকে আরও খারাপ পরিস্থিতির দিকে নিয়ে গেলে গত মাসের শেষ দিকে ফেডারেশন অব কানাডিয়ান মিউনিসিপালিটিজ জরুরি আর্থিক সহায়তার বিষয়টি উত্থাপন করে। যাত্রী ও রাজস্ব বড় আকারে কমার প্রক্ষেপণ করা হয় সে সময়।
টরন্টোতে এ বছর পরিচালন লোকসান প্রাক্কলন করা হচ্ছে ৫৬ কোটি ১০ লাখ ডলার। এছাড়া এডমন্টনে ঘাটতি প্রাক্কলন করা হচ্ছে ৫ কোটি ৩৭ লাখ এবং ভ্যানকুভারে ১০ কোটি ডলার পর্যন্ত। নামমাত্র তহবিলের ফলে যে ট্রানজিট সেবা কমাতে হতে পারে সে সতর্ক বাণীও উচ্চারণ করে ফেডারেলশনের বড় সিটির মেয়রদের ককাস। সেই সঙ্গে ভাড়া অথবা সম্পদ কর বৃদ্ধির পথে হাটতে হতে পারে বলেও জানায় তারা।
বড় সিটিগুলোর মেয়রদের ককাসের প্রধান হিসেবে আছেন হ্যালিফ্যাক্সের মেয়র মাইক স্যাভেজ। ট্রানজিট সেবা চালু রাখতে ও মিউনিসিপালগুলোর বাজেট স্থিতিশীলতা রক্ষায় তহবিল প্রতিশ্রুতিকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। অর্থ পেতে প্রাদেশিক নেতাদের সঙ্গে আলোচনার সুযোগকে স্বাগত জানান তিনি।
যাত্রী সংখ্যা ও জনসংখ্যার ভিত্তিতে প্রদেশ ও অঞ্চলগুলোকে তহবিলে জোগান দেওয়া হবে বলে আর্থিক বিভাগ থেকে জানানো হয়েছে।

This article was written by Rezaul Haque as part of the Local Journalism Initiative.

- Advertisement -

Read More

Recent