সহায়তার জরুরি আবেদন অন্টারিওর সালভেশন আর্মির

অন্টারিওজুড়ে জরুরি সামাজিক সেবার চাহিদা ব্যাপক হারে বেড়ে চললেও অনুদানের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে

অন্টারিওজুড়ে জরুরি সামাজিক সেবার চাহিদা ব্যাপক হারে বেড়ে চললেও অনুদানের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। এই সংকটময় পরিস্থিতিতে জনগণের কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়েছে দাতব্য সংস্থা দি সালভেশন আর্মি।

সংস্থাটি জানিয়েছে, তাদের ঐতিহ্যবাহী ক্রিসমাস কেটল ক্যাম্পেইন চলমান থাকলেও প্রত্যাশিত পরিমাণ অনুদান আসছে না। এর ফলে তাৎক্ষণিক সহায়তা কার্যক্রমের পাশাপাশি বছরব্যাপী পরিচালিত গুরুত্বপূর্ণ সামাজিক কর্মসূচিগুলো মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

- Advertisement -

এক বিবৃতিতে দি সালভেশন আর্মি অন্টারিও ডিভিশনের জনসংযোগ বিভাগের বিভাগীয় পরিচালক ক্যাপ্টেন হাগেট বলেন, “আমাদের স্বেচ্ছাসেবকরা প্রতিদিন নিরলসভাবে বেল বাজিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। কিন্তু বাস্তবতা হলো অনুদান আসছে খুবই কম। ক্রিসমাস কেটল ক্যাম্পেইন প্রায় শেষের পথে, আর এই মুহূর্তে প্রতিটি অনুদানই অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, এই অনুদানগুলো শুধুই অর্থ নয় এগুলো অনেক পরিবারকে কঠিন সিদ্ধান্ত নিতে সহায়তা করে। “প্রতিটি ডলার একটি পরিবারের টেবিলে খাবার তুলে দিতে পারে, কাউকে শীতের রাতে উষ্ণ রাখতে পারে অথবা সংকটে থাকা কোনো ব্যক্তিকে নিরাপদ আশ্রয় দিতে পারে,” উল্লেখ করেন তিনি।

পরিসংখ্যান বলছে, গত বছর অন্টারিওতে দি সালভেশন আর্মির সহায়তা নিতে মোট ১৫ লাখ বার মানুষ সংস্থাটির বিভিন্ন কর্মসূচিতে এসেছেন। ফুড ব্যাংক, মিল কর্মসূচি, আশ্রয় সেবা এবং ক্রিসমাস সহায়তাসহ বিভিন্ন উদ্যোগ মিলিয়ে মোট ভিজিটের সংখ্যা ছিল প্রায় ৮৯ লাখ ৩৪৪টি। এই সংখ্যা থেকেই স্পষ্ট, প্রদেশজুড়ে সামাজিক সহায়তার ওপর নির্ভরশীল মানুষের সংখ্যা কতটা বেড়েছে।

ক্রিসমাস কেটল ক্যাম্পেইনের মাধ্যমে সংগৃহীত তহবিলই মূলত সালভেশন আর্মির অনেক অত্যাবশ্যকীয় সেবা সচল রাখতে সহায়তা করে। এসব সেবার মধ্যে রয়েছে কমিউনিটি মিল, গৃহহীনতা প্রতিরোধ কর্মসূচি, স্কুলে শিশুদের জন্য সকালের নাশতা ও দুপুরের খাবার সরবরাহের উদ্যোগ।

এই সংকট শুধু অন্টারিওতেই সীমাবদ্ধ নয়। কানাডাজুড়ে একই ধরনের পরিস্থিতির কথা তুলে ধরে জাতীয় পর্যায়েও জনগণের কাছে আবেদন জানিয়েছে সালভেশন আর্মি। সংস্থাটির যোগাযোগ বিষয়ক আঞ্চলিক সচিব লেফটেন্যান্ট কর্নেল জন মারে এক বিবৃতিতে বলেন, “আমাদের কেটল বেল বাজছে, কিন্তু কেটলে অনুদান পড়ছে খুবই কম। এটি সত্যিই অত্যন্ত সংকটময় সময়। প্রতিটি ডলার, প্রতিটি উপহার গুরুত্বপূর্ণ।”

তিনি জানান, এই অনুদানই কারও টেবিলে খাবার তুলে দিতে, কাউকে শীত থেকে রক্ষা করতে কিংবা সংকটে থাকা মানুষদের আবাসনের ব্যবস্থা করতে সরাসরি ভূমিকা রাখে। সালভেশন আর্মি আশা করছে, ছুটির মৌসুমের শেষ সময়টিতে মানুষ এগিয়ে এলে এই গুরুত্বপূর্ণ সামাজিক সেবাগুলো চালু রাখা সম্ভব হবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো যাবে।

- Advertisement -

Read More

Recent