
২০২৬ সাল থেকে কানাডার প্রদেশ অন্টারিওতে একাধিক নতুন আইন ও বিধিনিষেধ কার্যকর হতে যাচ্ছে। এসব পরিবর্তনের মধ্যে রয়েছে চাকরির বিজ্ঞাপনে বেতনের তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা, কার্বন মনোঅক্সাইড অ্যালার্ম সংক্রান্ত নিয়মের হালনাগাদ এবং সড়ক নিরাপত্তা জোরদারে কঠোর শাস্তির বিধান।
নতুন নিয়ম অনুযায়ী, অন্টারিওতে সরকারিভাবে ঘোষিত চাকরির বিজ্ঞাপনগুলোতে সংশ্লিষ্ট পদের প্রত্যাশিত বেতনের সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমা উল্লেখ করতে হবে। প্রাদেশিক নির্দেশনা অনুযায়ী, এই দুই সীমার ব্যবধান সর্বোচ্চ ৫০ হাজার ডলারের মধ্যে থাকতে হবে।
এর ফলে চাকরি প্রার্থীরা আবেদন করার আগেই জানতে পারবেন, একটি নির্দিষ্ট পদে কাজ করলে তারা আনুমানিক কত বেতন পেতে পারেন। একই সঙ্গে নিয়োগকর্তারাও পরিষ্কারভাবে জানাতে পারবেন, তারা ওই পদের জন্য কতটা বেতন দিতে প্রস্তুত।
কর্মসংস্থান সংস্থা রবার্ট হাফের জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পরিচালক ডেভিড কিং এ প্রসঙ্গে বলেন, এই ব্যবস্থায় চাকরি প্রত্যাশীরা আগেই ধারণা পাবেন তাদের কাছ থেকে কী প্রত্যাশা করা হচ্ছে এবং বিনিময়ে তারা কী ধরনের আর্থিক সুবিধা পেতে পারেন। অন্যদিকে, প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে, কারণ বেতনের বিষয়ে স্বচ্ছতা থাকলে সঠিক মেধাবী কর্মী আকর্ষণ করা সহজ হবে।
বর্তমানে অন্টারিও ফায়ার কোড অনুযায়ী, আবাসিক ভবনের শয়নকক্ষের কাছাকাছি কার্বন মনোঅক্সাইড অ্যালার্ম স্থাপন বাধ্যতামূলক। তবে ২০২৬ সাল থেকে এই নিয়ম আরও কঠোর হচ্ছে। নতুন বিধান অনুযায়ী, বাড়ির মালিকদের অতিরিক্ত কার্বন মনোঅক্সাইড অ্যালার্ম স্থাপন করতে হবে, যাতে বাসিন্দাদের নিরাপত্তা আরও নিশ্চিত করা যায়।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন আইনগুলোতে শাস্তির মাত্রাও বাড়ানো হয়েছে। কেউ যদি মদ্যপ বা ইম্পেয়ার্ড অবস্থায় গাড়ি চালানোর দায়ে দোষী সাব্যস্ত হন এবং ওই অবস্থায় গাড়ি চালানোর ফলে কারও মৃত্যু ঘটে, তাহলে তার ড্রাইভিং লাইসেন্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হবে।
এ ছাড়া গাড়ি চুরির ঘটনায় দোষী প্রমাণিত হলে প্রথমবারে লাইসেন্স বাতিল থাকবে ১০ বছর। একই অপরাধ দ্বিতীয়বার করলে এই মেয়াদ বাড়িয়ে ১৫ বছর করা হবে। আর কোনো চালক যদি তৃতীয়বারের মতো একই অপরাধে দোষী সাব্যস্ত হন, তাহলে তার লাইসেন্স অনির্দিষ্টকালের জন্য বাতিল থাকবে।
বিশ্লেষকদের মতে, এসব নতুন আইন একদিকে যেমন চাকরির বাজারে স্বচ্ছতা বাড়াবে, অন্যদিকে জননিরাপত্তা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২০২৬ সাল থেকে অন্টারিওর বাসিন্দাদের দৈনন্দিন জীবন ও কর্মক্ষেত্রে এসব পরিবর্তনের সরাসরি প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।
