
মহামারির শুরুর দিকে কিছুটা মন্দা দেখা গেলেও টরন্টোর কন্ডোমিনিয়ামের ভাড়া বাজার অব্যাহতভাবে চড়ছে। এক শয়নকক্ষের একটি কন্ডোমিনিয়ামের ভাড়া ২০১৯ সালের রেকর্ড উচ্চতার দিকে যাচ্ছে।
টরন্টো রিজিয়ন রিয়েল এস্টেট বোর্ডের (টিআরআরইবি) নতুন উপাত্ত অনুযায়ী, এক শয়নকক্ষের একটি কন্ডোমিনিয়াম ইউনিটের মাসিক ভাড়া ২০২২ সালের প্রথম প্রান্তিকে ২ হাজার ১৪৫ ডলারে পৌঁছেছে, এক বছর আগের একই সময়ের তুলনায় যা ১৭ দশমিক ৮ শতাংশ বেশি। অন্যদিকে দুই শয়নকক্ষের ইউনিটের ভাড়া গড়ে ১৭ দশমিক ২ শতাংশ বেড়ে ২ হাজার ৮৬৭ ডলারে পৌঁছেছে।
রিয়েল এস্টেট বোর্ড বলছে, কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার আগে যে জায়গায় পৌঁছেছিল কন্ডোমিনিয়ামের ভাড়া এখন সেদিকেই যাচ্ছে। ওই সময় এক শয়নক্ষের একটি কন্ডোমিনিয়াম ইউনিটের ভাড়া পৌঁছেছিল ২ হাজার ২৬৭ ডলারে। দুই শয়নকক্ষের কন্ডোমিনিয়াম ইউনিটের ভাড়া বেড়ে দাঁড়িয়েছিল মাসে ২ হাজার ৯৪১ ডলার। উভয় ক্ষেত্রেই যা ছিল রেকর্ড সর্বোচ্চ।
টিআরআরইবির প্রধান বাজার বিশ্লেষক জেসন মার্সার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, গত এক বছর ধরেই কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্টের গড় ভাড়া উর্ধ্বমুখী রয়েছে। গত বছর ধরে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকায় এই বৃদ্ধি অব্যাহত রয়েছে। ভাড়ার চাহিদা এ বছর এবং তার পরেও শক্তিশালী থাকবে বলে ধারণা করা হচ্ছে। কারণ, কর্মসংস্থানের উচ্চ হারের পাশাপাশি অভিবাসী ও স্থায়ী বাসিন্দা নন এমন ব্যক্তিরা আবাসনের চাহিদা বৃদ্ধিতে ভ‚মিকা রাখছেন। এছাড়া ঋণের সুদের হার বেড়ে যাওয়ার কারণে বাড়ির কেনার সিদ্ধান্তও আপাতত স্থগিত রাখছেন অনেকে।
মহামারি শুরু হওয়ার পর বাড়িতে বসে কাজের সুবাদে ভাড়াটিয়াদের অনেকেই আরও জায়গাবহুল বাড়ির খোঁজ করতে থাকেন। এর ফলে কন্ডোমিনিয়ামের ভাড়া দুই অংকের ঘরে হ্রাস পায়। কিন্তু খন্ডকালীন হলেও অনেক কর্মীই অফিসে ফিরতে শুরু করেছেন, যা এ বাজারের পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে।
টিআরআরইবির সাম্প্রতিক উপাত্ত অনুযায়ী, ২০২২ সালের প্রথম প্রান্তিকে টরন্টো নগরীর মধ্যে কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট খালি থাকার হার ছিল মাত্র ১ দশমিক ৯ শতাংশ। অত্যল্প সরবরাহের ইঙ্গিত এটি। গ্রেটার টরন্টো এরিয়ার অন্যান্য স্থানে অ্যাপার্টমেন্ট খালি থাকার হার ছিল আরও কম। প্রান্তিকটিতে ডারহামে এ হার ছিল দশমিক ৩ শতাংশ এবং পিল রিজিয়নে দশমিক ৯ শতাংশ।
টিআরআরইবির প্রেসিডেন্ট কেভিন ক্রিগার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সতর্ক করে দিয়ে বলেন, সরবরাহের তুলনায় কন্ডোমিনিয়াম ইউনিটের ভাড়ার চাহিদা বাড়ছে। বাড়ির মালিকানার বিষয়টি সবসময় গুরুত্ব পেয়ে আসলেও ভাড়া বাড়ির সরবরাহ বাড়ানোর দিকেও মনোযোগ দিতে হবে নীতিনির্ধারকদের।
২০২২ সালের এখন পর্যন্ত বাড়ি ভাড়া যে হারে বাড়ছে তা বাড়ির দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। টিআরআরইবি এর আগে জানিয়েছিল, মার্চে কন্ডোমিনিয়ামের দাম বেড়েছিল গড়ে ১৯ দশমিক ৬ শতাংশ। গ্রেটার টরন্টো এরিয়ায় কন্ডোমিনিয়ামের গড় দাম ছিল ৮ লাখ ৮ হাজার ৫৬৬ ডলার। অন্যদিকে টরন্টোতে এর মূল্য ছিল ৮ লাখ ৩১ হাজার ৩৫১ ডলার।
