
আবাসিক স্কুলে নৃশংসতা, মৃত্যু, ক্ষতি ও নীরবতা সম্পর্কে এতোদিন কেবল আদিবাসী লোকজন জানলেও এখন তা সবার কাছেই পরিচিত। ব্রিটিশ কলাম্বিয়ার কামলুপসে সোমবার আবাসিক স্কুল থেকে বেঁবে ফেরা আদিবাসী ও তাদের পরিবারের সদস্যদের উদ্দেশে এ কথা বলেন কানাডার গভর্নর জেনারেল মেরি সিমন।
নগরীর সাবেক একটি আবাসিক স্কুল প্রাঙ্গণে অচিহ্নিত কবরে ২১৫ শিশুর দেহাবশেষ পাওয়ার এক বছর পর এ মন্তব্য করলেন গভর্নর জেনারেল। ওই ঘটনার পর আরও অনেক শহরে এ ধরনের অচিহ্নিত কবরের সন্ধান মেলে এবং আদিবাসীদের সঙ্গে কানাডার বর্তমান ও পুরনো সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়।
সিমন বলেন, কানাডার আবাসিক স্কুলে অচিহ্নিত কবরে শিশুদের দেহাবশেষ পাওয়াটা একটা আবিস্কার। প্রজন্মের পর প্রজন্ম ধরে ফার্স্ট নেশনগুলো যে অভিজ্ঞতা ও জ্ঞানের কথা বলে আসছিল এটা তার স্বপক্ষে একটি প্রমাণ। এজন্য এতোটা সময় নেওয়া ঠিক হয়নি। কিন্তু শেষ পর্যন্ত জনগণ তা জানতে পারলেন। এই জানাটা কমিউনিটিকে বদলে দিয়েছে। তাদের শ্রদ্ধা জানাতে, দুঃখ প্রকাশ করতে ও সমর্থন জানাতে লোকজন এখানে আসছেন।
কামলুপসের সাবেক ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলে কবর শনাক্ত হওয়ার পর এক বছর পূর্তি উপলক্ষ্যে টিকে’এমলুপস টে সেকুয়েপেমসি ফার্স্ট নেশন আয়োজিত স্মরণ অনুষ্ঠানে সোমবার বক্তব্য রাখেন সিমন। তিনি বলেন, শিক্ষার স্থান যে এতোটা নিষ্ঠুর হতে পারে ভাবাই যাই না। লোকজনের এ নিষ্ঠুরতা চালানোর বা এ ধরনের ঘটনায় নিরব থাকার পেছনে কোনো অজুহাত থাকতে পারে না।
কানাডার প্রথম আদিবাসী হিসেবে কানাডা গভর্নর জেনারেলের দায়িত্ব পালন করছেন মেরি সিমন। তিনি বলেন, টিকে’এমলাপস টে সেকুয়েপেমসির অনেক সদস্যেরই বিলাপ করার সময় নেই। আমি আশা করি সোমবারের অনুষ্ঠান তাদের ব্যথা উপশমে সহায়ক হবে। আমরাও আপনাদের সঙ্গে সমবেদনা জ্ঞাপন করছি। আমরা আপনাদের পাশে আছি। আমরা আপনাদের বিশ্বাস করি।
টিকে’এমলাপস টে সেকুয়েপেমসির প্রধান রোজানে কাসিমির উপস্থিত জনগণের উদ্দেশে বলেন, দেশের লুক্কায়িত সত্যিকারের ইতিহাস সম্পর্কে কোনো আদিবাসী নাগরিকই আর জানতে চাইবে না। আমরা যা জানি তা যথেষ্ট। আমাদের সবারই সামগ্রিক ইতিহাস নির্মাণ করা প্রয়োজন।
জুলাইয়ের সফরে পোপের কামলুপসে না আসায় হতাশা প্রকাশ করেন তিনি। তবে কানাডার অন্য আদিবাসীদের সঙ্গে সাক্ষাৎ করবেন জানতে পারায় সন্তোষ প্রকাশ করেন তিনি। পোপ ফ্রান্সিস তার সফরকালে এডমন্টন, কুইবেক সিটি ও ইকালুইটে থামবেন।
