
ওমিক্রন ভ্যারিয়েন্টের দ্রুত সংক্রমণের সামনে পড়ে ফেডারেল সরকার এখন সব ধরনের অজরুরি আন্তর্জাতিক ভ্রমণের ব্যাপারে কানাডিয়ানদের সতর্ক করতে শুরু করেছে। অটোয়াতে বুধবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জঁ-ইভস ডুকলস বলেন, যারা ভ্রমণের পরিকল্পনা করেছিলেন তাদের উদ্দেশ্যে আমি পরিস্কার করে বলছি, ভ্রমণের সময় এখন নয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, উচ্চ সংক্রামক ভ্যারিয়েন্টটি বিশ্বের অন্য সবখানের মতোই এখন কানাডিয়ান কমিউনিটিতেও ছড়াচ্ছে। এ অবস্থায় যারা দেশের বাইরে যাবেন তারা ভাইরাসটির আরও বেশি ছড়াতে ভূমিকা রাখার পাশাপাশি বিদেশে আটকা পড়ে যেতে পারেন।
ওমিক্রন সনাক্ত হওয়ার পরপরই যে ধরনের সতর্কতা ঘোষণা করা হয়েছিল নতুন এ নির্দেশনা তার চেয়ে অনেক কঠোর। ওমিক্রন ভ্যারিয়েন্ট সনাক্ত হওয়ার পর ওমিক্রনের কারণে দেশে ফেরা বিঘ্নিত হতে পারে এমন স্থান ভ্রমণের ব্যাপারে কানাডিয়ানদের সতর্ক করে দেওয়া হয়েছিল।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘোষণাটি তড়িঘড়ি মনে হতে পারে। কিন্তু আমাদের হাসপাতাল ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা কর্মীদের অবশ্যই সক্ষমতার বাইরে চলে যাওয়া থেকে রক্ষা করতে হবে।
খবরটিকে ব্রায়ান হেস ও তার পরিবারের জন্য ধাক্কাই বলতে হবে। মহামারির কারণে গত বছর বড়দিন সন্তানদের নিয়ে উদযাপন করতে পারেননি তারা। এ কারণেই এ বছর ছুটির দিনগুলো হাওয়াইতে কাটানোর পরিকল্পনা করেছিলেন। ভ্রমণের জন্য যে খরচ হবে তা তারা পরিশোধ করেছেন। কিন্তু নির্দেশনায় এ পরিবর্তন ভ্রমণ বিমার মধ্যে না পড়ায় ভ্রমণটি বাতিল করলে খরচ তুলে আনা পরিবারটির পক্ষে কঠিন।
তবে অভ্যন্তরীণ ভ্রমণের ব্যাপারে কোনো পরামর্শ দিচ্ছেন না ডুকলস। অভ্যন্তরীণ ভ্রমণের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আসলে তা আসবে প্রাদেশিক সরকারগুলো থেকে। যদিও ভ্রমণ পরিকল্পনা করার সময় কানাডিয়ানদের সাবধানতা অবলম্বনের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত বুধবার তিনি তিনি বলেন, অস্বস্তির বিষয়টি আমি বুঝতে পারছি। কিন্তু বাস্তবতা হলো কানাডাতেও ওমিক্রন এসে গেছে এবং আমাদের গোষ্ঠী সংক্রমণ থামাতে হবে। আমি জানি যে কানাডিয়ানরা তাদের বিবেচনাবোধ প্রদর্শন অব্যাহত রাখবে। কেবল তাদের নিজেদের জন্য নয়, তাদের প্রিয়জনদের জন্য এবং স্বাস্থ্যকর্মী ও সম্মুখসারির কর্মী সর্বোপরি স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্য। আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থা বারবার ধারণক্ষমতা অতিক্রম করে যাওয়ার অবস্থায় পৌঁছেছে।
This article was written by Rezaul Haque as part of the Local Journalism Initiative.
