
ব্যক্তিগতভাবে অনেকের সাথে মুখোমুখি অথবা ফোনে কথা শেষ করি ‘জয় বাংলা’ বলে। মনে একধরণের আনন্দ অনুভব করি, সেটা বলাই বাহুল্য। তবে, নিশ্চিত না হয়ে এমন কাওকে জয় বাংলা বলি না, যা শুনে সে কষ্ট পাবে। ‘জয় বাংলা’ শুনে কষ্ট পায়, এমন মানুষ নেহায়েত কম না।
“জয় বাংলা” স্লোগান নিয়ে আমাদের অনেকের আবেগের সাথে বাস্তবতার মিল খুঁজে পাওয়া যায় না। মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ ‘জয় বাংলা’ দিতেন। রাজনৈতিক বিবেচনা থেকে যুদ্ধে গেছে, এমন দলগুলোর মধ্যে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে তেমন আগ্রহ ছিল না। মাওলানা ভাসানীর অনুসারীরা তো মনে করতো, জাতীয় মুক্তির আন্দোলনকে বঙ্গবন্ধু ছিনতাই করেছে। তারা যুদ্ধের সময়ও জয় বাংলা বলতো না। গেল নির্বাচনে রাশেদ খান মেননের মুখে ‘জয় বাংলা’ শুনে অবাকই হয়েছি। আমাদের রাজনীতিতে একটা সমস্যা শুরু থেকেই ছিল, সেটা্ জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। দুর্ভাগ্য, এই বিষয়টিতে মাওলানা ভাসানীর কোন আগ্রহ ছিল না। বঙ্গবন্ধুর সাথে তাঁর চমৎকার সম্পর্ক থাকার পরেও আওয়ামী লীগের সকলকিছুর বিরোধীতা করাটা ছিল তাঁর নীতি। যুক্তি হিসেবে তিনি বলতেন, তিনি যদি বিরোধীতা না করেন, অন্য কেউ করবে। আমার কাছে এটা গ্রহনযোগ্য কোন নীতি বলে মনে হয়নি। যাহোক, স্লোগান হিসেবে ‘জয় বাংলা’-কে প্রথমে ১৯৭২ সালে বর্জন করে ছাত্রলীগের পেট থেকে বের হয়ে নতুনভাবে জন্ম নেওয়া জাসদ, যদিও সিরাজুল আলম খানই ছিল ‘জয় বাংলা’ স্লোগানকে জনপ্রিয় করে তোলার পেছনে অন্যতম সংগঠক। বঙ্গবন্ধুর জীবদ্দশায় জয় বাংলার সাথে তারা জয় হিন্দ যুক্ত করে ব্যাঙ্গ-বিদ্রুপও করতো। পরে, বঙ্গবন্ধু হত্যার পরে খন্দকার মোস্তাক শুরু করে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান, পরবর্তীতে যাকে জিয়া এরশাদ খালেদা জিয়া সবাই এগিয়ে নিয়ে গেছে। ৯০ সালে বিচারপতি সাহাবুদ্দিন ‘বাংলাদেশ চিরজীবী হোক’ বলে বক্তৃতা শেষ করতেন। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে শেখ হাসিনা জয় বাংলার পরে “বাংলাদেশ চিরজীবী হোক” বলা শুরু করলেন। মাঝে তত্ত্বাবধায়ক সরকার প্রধানগণ ওটাই বলতেন। ড. ইউনুস অবশ্য কিছুই বলে না।
সে অর্থে আমাদের কোন জাতীয় স্লোগান নাই। জাতীয় ঐক্যটাই তৈরী হয়নি। এর একটা কারণ হলো, বাঙালির জাতিসত্তার বিকাশের সম্ভাবনা শুরুতেই হোঁচট খেয়েছে। এ নিয়ে বিস্তর আলোচনা করা যায়। যাহোক, বাংলাদেশের শেকড় কেন্দ্রিক সাংস্কৃতিক জাগরণ ছাড়া জাতীয় ঐক্য সম্ভব না, মাঝখান থেকে বাঙালিকে জাগিয়ে তোলা কাজী নজরুল ইসলামের কবিতা থেকে ধার করা ‘জয় বাংলা’ স্লোগানও অবহেলিত হয়েই থাকবে।
ক্যালগেরি, আলবার্টা
