
কানাডার সর্ববৃহৎ স্কুল বোর্ডের নতুন চেয়ার হয়েছেন নিতিন শাহ। তিনিই দক্ষিণ এশিয়া বংশোদ্ভুত টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের (টিডিএসবি) প্রথম চেয়ার বলে জানিয়েছে বোর্ড।
ওয়ার্ড ১৭ স্কুল ট্রাস্টি ২০২৪ সালের জুলাই থেকে টিডিএসবির ভারপ্রাপ্ত চেয়ারের দায়িত্ব পালন করে আসছেন। ডন ভ্যালি ওয়েস্টের উপনির্বাচনে রাচেল চারনস কাউন্সিলর হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সময় থেকেই তিনি এই দায়িত্ব পালন করে আসছেন।
নিতিন শাহ এক বিবৃতিতে বলেছেন, ২০২৪-২০২৮ মাল্টি-ইয়ার স্ট্র্যাটেজিক প্ল্যানের সহায়তায় আমি আমার সহকর্মী, কমিউনিটি এবং সব স্তরের সরকারের সঙ্গে কাজ অব্যাহত রাখার ব্যাপারে উদগ্রীব। একসঙ্গে এই শহরের শিক্ষাকে এগিয়ে নেওয়ার অবিশ্বাস্য সুযোগ আমাদের সামনে। সব শিক্ষার্থীর জন্য আমরা অ্যাকাডেমিক উৎকর্ষ এবং শিক্ষার্থী ও কর্মীদের কল্যাণের একটি সংস্কৃতি তৈরি করতে পারি।
২০১৬ সালে তিনি প্রথমে ট্রাস্টি হিসেবে নির্বাচিত হন এবং সম্প্রতি টিডিএসবির ইকুইটি পলিসি কমিউনিটি অ্যাডভাইজরি কমিটির কো-চেয়ারের দায়িত্ব পালন করেন। গত বসন্তে একটি ইয়ুথ লিডারশিপ কমিটিও গঠন করেছেন তিনি।
নিতিন শাহর পাশাপাশি বুধবারের সাংগঠনিক পর্ষদ সভায় ওয়ার্ড ১৯ এর ট্রাস্টি জাকির প্যাটেল নতুন ভাইস চেয়ার নির্বাচিত হয়েছেন। এই পদে তিনিই প্রথম মুসলিম। তিনি প্রথম ট্রাস্টি নির্বাচিত হয়েছিলেন ২০১৯ সালে। বোর্ডের ফাইন্যান্স, বাজেট ও এনরোলমেন্ট কমিটির চেয়ারের দায়িত্বও পালন করেছেন তিনি।
টিডিএসবি এক বিবৃতিতে বলেছে, ভাইস চেয়ার জাকির প্যাটেল তরুণদের ক্ষমতায়নের ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ এবং আমাদের স্কুলকে নিরাপদ ও স্বাস্থ্যকর নিশ্চিত করতে চান।
