
কোন দলের প্রতি আবেগতাড়িত হয়ে পক্ষপাতিত্ব করে নয়, একেবারে ঠান্ডা মাথায় ভাবুন তো; একটা রাজনৈতিক দলের মতবাদ বা আদর্শকে আপনার ভালো নাও লাগতে পারে। তাই বলে সেই আদর্শকে আপনি ধ্বংস করার হুমকি দেবেন, সেই রাজনৈতিক আদর্শের নেতার বাড়ি গুঁড়িয়ে দেবেন, পুড়িয়ে দেবেন, এবং ঘোষণা দেবেন তাঁর কবরস্থানও গুঁড়িয়ে দেওয়ার! এই অঙ্গিকার করে সেখানে গিয়ে আপনি যাচ্ছেতাই ভাষায় হুমকি ধামকি দেবেন! এটা কি আপনাদের রাজনৈতিক আদর্শ প্রচারে জনগণকে উদ্বুদ্ধ করে তাদের মঙ্গল করার জন্য সমর্থন আদায়ের আবেদন করার নমুনা! নাকি জনগণকে ক্ষেপিয়ে তুলে দেশে অরাজকতা সৃষ্টি করে সমগ্র দেশবাসীকে সরকার, সেনাবাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে ঠেলে দেওয়া!
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দেশের শান্তিপ্রিয় জনগণের রক্ষাকারী বা আশ্রয়ের আর কোন জায়গা থাকছে না। এখন এই কোটি কোটি জনগণ যদি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর সাহায্য চায়, তাহলে কি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বলে কিছু থাকে!
অতএব, আমরা সাধারণ জনগণ আপনাদের কাছে আবেদন জানাই :
১. এই অন্তর্বর্তী সরকার পক্ষপাতদুষ্ট না হয়ে সারাদেশের প্রতিটি নাগরিকের সরকার হয়ে জনগণের আশ্রয় ও নির্ভরশীলতার সরকার হবেন।
২. নতুন রাজনৈতিক দলের প্রচারণা হোক নিজেদের আদর্শ-দর্শন ও দেশের উন্নয়নে তাদের কর্মপন্থা কর্মসূচি নিয়ে জনগণকে অবগত করা ও তাদেরকে উদ্বুদ্ধকরণ
৩. অন্তর্বর্তী সরকারের বক্তব্য হোক দেশের সকল জনগণের জন্য ভরসার বার্তা। পক্ষপাতদোষে জনগণকে নিরাশ না করা।
৪. যে কোন রাজনৈতিক দলের আক্রমনাত্মক বক্তব্য আরেকটি আক্রমনাত্মক বক্তব্য সৃষ্টিতে উদ্বুদ্ধ করে। আপনাদেরকে এই ধরনের বক্তব্য প্রদান থেকে বিরত থাকা।
৫. সেনাবাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্যদের প্রতি আবেদন জানাই, এই দেশটি বিশ কোটি মানুষের। কোন দলের নয়। ব্যক্তির নয়, দল বা সংগঠনের নয়৷ অতীতে কোন দল কী করলো, এই উদাহরণ না এনে আপনারা বাংলাদেশকে রক্ষা করুন। এই দেশের জনগণের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে যা যা প্রয়োজন, তাই করুন। আর যেন কোন প্রাণহানি না হয়, আর যেন কোন মায়ের বুক খালি না হয়, এই হোক আপনাদের দৃঢ় অঙ্গিকার ও অবস্থান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আপনাদের উপরে। যা কিছু হচ্ছে তা কি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পরিচায়ক? এর উত্তর আপনারাই ভালো জানেন! অতএব, কোন দলকে নয় দেশকে রক্ষা করতে অঙ্গীকারবদ্ধ হোন।
বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে, সমগ্র বাংলাদেশের মানুষের কাছে এই আমার আকুল আবেদন।
টরন্টো, কানাডা
