ব্যাড বানি স্বীকৃত প্যানকেক পরিবেশন করছে টরন্টোর এই রেস্তোরাঁ

Storefront of Sisters & Co. Restaurant with white arches and a green sign, framed by leafy branches.
একটি রেস্তোরাঁর জনপ্রিয়তা সাধারণত নির্ভর করে খাবারের স্বাদ পরিবেশ এবং ক্রেতাদের অভিজ্ঞতার ওপর

একটি রেস্তোরাঁর জনপ্রিয়তা সাধারণত নির্ভর করে খাবারের স্বাদ, পরিবেশ এবং ক্রেতাদের অভিজ্ঞতার ওপর। তবে কখনও কখনও বিশ্বের একজন তারকার একটি মন্তব্যই বদলে দিতে পারে একটি প্রতিষ্ঠানের পরিচিতি। কানাডার টরন্টোর ট্রিনিটি বেলউডস পার্কের কাছাকাছি অবস্থিত সিস্টার্স অ্যান্ড কোম্পানি ঠিক এমনই এক উদাহরণ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী ব্যাড বানি এই রেস্তোরাঁর কুকি বাটার প্যানকেকের প্রশংসা করার পর থেকেই এটি নতুন করে আলোচনায় এসেছে।

ব্যাড বানি ২০২৪ সালে টরন্টো সফরের সময় রেস্তোরাঁটিতে খাবার খেতে যান। পরে বিলবোর্ড কানাডাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, কানাডায় আবার ফিরে আসার অন্যতম কারণ হবে এই রেস্তোরাঁর কুকি বাটার প্যানকেক। একজন আন্তর্জাতিক সুপারস্টারের এমন মন্তব্য স্বাভাবিকভাবেই রেস্তোরাঁটির প্রতি মানুষের আগ্রহ কয়েকগুণ বাড়িয়ে দেয়।

- Advertisement -

রেস্তোরাঁটির সবচেয়ে আলোচিত মেন্যুগুলোর একটি হলো কুকি বাটার প্যানকেক, যার মূল্য ১৮.৫০ কানাডিয়ান ডলার। এটি তিনটি নরম বাটারমিল্ক প্যানকেক দিয়ে তৈরি। প্রতিটি প্যানকেকের ওপরে ছড়িয়ে দেওয়া হয় বিসকফ কুকির ক্রাম্বল, কুকি বাটার হুইপড ক্রিম এবং মিষ্টি সিরাপ। প্রচলিত প্যানকেকের স্বাদের বাইরে গিয়ে ভিন্নধর্মী একটি অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এই ডিশটি তৈরি করা হয়েছে।

সিস্টার্স অ্যান্ড কোম্পানির মেন্যু মূলত এশীয় স্বাদের প্রভাব নিয়ে সাজানো। এখানে জনপ্রিয় খাবারের তালিকায় রয়েছে বুলগোগি বিফ বেনেডিক্ট এবং স্পাইসি অক্সটেইল স্টিউ। বিশেষ করে অক্সটেইল স্টিউতে ব্যবহৃত হয় হাড়যুক্ত অক্সটেইল, বিফ রিব, পেঁয়াজ, গাজর, সেলেরি, ডিম এবং মসলাদার টমেটোর সমন্বয়, যা প্রচলিত ব্রাঞ্চ মেন্যু থেকে একেবারেই আলাদা স্বাদ এনে দেয়।

রেস্তোরাঁটির অন্যতম প্রতিষ্ঠাতা হিলারি লি স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ব্যাড বানি তাদের রেস্তোরাঁয় এসেছিলেন একটি কনসার্টের পরদিন। তার ভাষায়, সেই মুহূর্তটি ছিল অত্যন্ত স্মরণীয়। তিনি তখন বারের দায়িত্বে ছিলেন। হঠাৎই দেখেন, ব্যাড বানি হেঁটে রেস্তোরাঁয় প্রবেশ করছেন। শুরুতে বিষয়টি বিশ্বাসই করতে পারেননি। পরে তিনি উপলব্ধি করেন, বিশ্বের অন্যতম জনপ্রিয় একজন শিল্পী তাদের খাবার উপভোগ করতে এসেছেন।

২০১৯ সালে হিলারি লি এবং তার দুই ঘনিষ্ঠ বন্ধু মিলে প্রতিষ্ঠা করেন সিস্টার্স অ্যান্ড কোম্পানি। শুরু থেকেই তাদের লক্ষ্য ছিল এমন একটি ব্রাঞ্চ রেস্তোরাঁ গড়ে তোলা, যেখানে প্রচলিত সকালের নাস্তার সঙ্গে নতুন ধরনের আন্তর্জাতিক স্বাদ যুক্ত করা হবে। হিলারি লির মতে, তারা প্রতিটি খাবারে এমন কিছু উপাদান যোগ করার চেষ্টা করেন, যা অতিথিদের কাছে পরিচিত খাবারকেও নতুন অভিজ্ঞতায় পরিণত করে। বিশেষ করে প্যানকেক, বেনেডিক্ট কিংবা স্টিউ সব ক্ষেত্রেই তারা নিজস্ব স্বাদ ও উপস্থাপনার ওপর গুরুত্ব দেন।

খাদ্যরসিকদের কাছে টরন্টোর ব্রাঞ্চ সংস্কৃতি বরাবরই জনপ্রিয়। তবে ব্যাড বানির প্রশংসার পর সিস্টার্স অ্যান্ড কোম্পানির নাম আন্তর্জাতিক পর্যায়েও পরিচিতি পেয়েছে। অনেক পর্যটক এখন শুধু এই আলোচিত কুকি বাটার প্যানকেকের স্বাদ নিতে রেস্তোরাঁটিতে যাওয়ার পরিকল্পনা করেন।

টরন্টোর ৮৮৭ ডানডাস স্ট্রিট ওয়েস্টে অবস্থিত এই রেস্তোরাঁ এখন স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকদের কাছেও একটি আকর্ষণীয় খাদ্য গন্তব্য হিসেবে পরিচিতি লাভ করেছে। সুস্বাদু ব্রাঞ্চ, এশীয় স্বাদের সৃজনশীল সংমিশ্রণ এবং বিশ্বখ্যাত এক শিল্পীর প্রশংসা সব মিলিয়ে সিস্টার্স অ্যান্ড কোম্পানি বর্তমানে টরন্টোর অন্যতম আলোচিত রেস্তোরাঁর তালিকায় জায়গা করে নিয়েছে।

- Advertisement -

Read More

Recent