ডিপস্টেট

ডিপস্টেট

ডিপস্টেট নিয়ে মার্কিন দেশে আলোচনা নতুন কিছু না; কিন্তু, বাংলাদেশ? সেখানেও দেখি শব্দটি আলোচিত হচ্ছে। ডিপস্টেট বলতে রাষ্ট্রের কিছু প্রতিষ্ঠানকে বুঝানো হয়, যেমন মার্কিন দেশে এফবিআই, সিআইএ কিংবা পেন্টাগন। বাংলাদেশের বেলায় সেনা গোয়েন্দা সংস্থা, তথা ডিজিএফআই। রাষ্ট্র পরিচালনায় জনগণের ভোট প্রধান বিষয় হলে কী হবে, ডিপস্টেট সেখানে নাক গলায়। বলা হয়, বেশ ভালোমতোই সেই নাক গলানো হয়। কোন শাসকের সাথে গদিতে থাকার সময় পেরে না উঠলে গদি থেকে নামার পরে বিদায়ী শাসকের ওপর ডিপস্টেট নির্মম হয়ে ওঠে। যেমনটা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের বেলায়।

বাংলাদেশে প্রকাশ্যে ডিপস্টেটের নাম সেভাবে নেওয়া হতো না, এবার একটু ব্যতিক্রমই বলে মনে হচ্ছে। এক সাক্ষাৎকারে জানিপপের কলিমুল্লাহ সরাসরি বললেন, নির্বাচন কমিশনে কারা থাকবে এটা ঠিক করে দিয়েছে ডিপস্টেট, ২০০৮ সাল থেকেই এই রসায়ন দিয়ে কমিশন ঠিক করা হয়ে হচ্ছে, রাষ্ট্রপতির স্বাক্ষর নিমিত্ত মাত্র। রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহের ব্যর্থতাই যে ডিপস্টেটকে শক্তিশালী করেছে, সেটা বলা বাহুল্য।

- Advertisement -

৯০ সালের পর রাজনীতির অগ্রগতি কতটুকু হয়েছে তা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু, ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার পরে বাংলাদেশে রাজনীতি শেষ হয়ে গেছে, এ নিয়ে বিতর্ক করার কিছু নাই। ১/১১ ছিল ডিপস্টেটের কাছে রাজনীতির চুড়ান্ত আত্মসমর্পন। বিএনপি-জাতীয় পার্টি ছিল ডিপস্টেটের হাতে তৈরী করা দল, সেবার তাতে যুক্ত হলো আওয়ামী লীগ। তারপর থেকে আওয়ামী লীগ ক্রমশ: তলিয়ে গেছে, অথবা, নিজেদের তলিয়ে যেতে দিয়েছে।

যে কোন রাজনৈতিক দলের বড় শক্তি হচ্ছে তার কর্মীবাহিনী, যেখান থেকে গণতান্ত্রিক পথপরিক্রমায় নেতৃত্ব ওঠে আসবে। কাউন্সিলের কাজ নেতা নির্বাচিত করা। ব্যতিক্রম মানে দলকে কতিপয় ব্যক্তির পুতুল বানানো, যা কিনা ক্লাবগুলো করে থাকে। আওয়ামী লীগের কাউন্সিল ছিল বরাবর উত্তেজনাপূর্ণ, ছাত্রলীগেরও। ১৯৭২ সালের ছাত্রলীগের কাউন্সিল থেকে জাসদ, অথবা, ১৯৮৩ সালের আওয়ামী লীগের কাউন্সিল থেকে বাকশালের জন্ম (আব্দুর রাজ্জাকের বাকশাল)। রাজনৈতিক পলিসি নিয়ে দ্বন্দ্বে দলের বিভক্তি খারাপ কিছু না, তা নতুন নতুন রাজনৈতিক দর্শনের পথ খুলে দেয়। দল বিভক্ত হয়, আবার জোড়া লাগে। পুরো যজ্ঞে ডিপস্টেট যদি না জড়ায়, তো শতফুল বিকশিত হওয়ার পথটি সহজ হয়।

আওয়ামী লীগে কতদিন কাউন্সিল হয় না; সিপিবিতে কি হয়? হয়তোবা। বিএনপিতে বিলুপ্ত হওয়ার আগে ভাসানীর অনুসারীরা জানতো; তবে, বিএনপির নতুন যুগের কর্মীরা আসলে জানেই না কাউন্সিল কী জিনিষ। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি কাউন্সিলের সেই পুরোনো পথে ফিরতে পারবে?

 

ক্যালগেরি, আলবার্টা

- Advertisement -

Read More

Recent