
আমরা অনেকেই হয়ত বাংলা দিন তারিখ খেয়াল রাখিনা, এবং আমি নিজেও না। তবে বাংলা দিন তারিখের আলাদা একটা মহিমা আছে। বৈশাখে বৈশাখী ঝড়, জৈষ্ঠে আম কাঠালের পাকা ঘ্রান, আষাঢ়ের বাদল দিন আর আষাড়ে গল্প – সবই কালের আবর্তনে চলতে থাকে। দিন ক্ষন জানা তাই দরকার।
দেশে কাল বৈশাখীর ঝড় অনেক আগেই বয়ে গেলেও আমাদের এই উইন্ডসরে এখনো ভালভাবে বসন্তই শুরু হয়নি। তবে বাগানীদের কর্ম চঞ্চলতা শুরু হয়েছে বেশ আগেই। অনেকেই হয়ত ঘরে চারা তৈরি করছেন অনেক আগ্রহ নিয়ে। আমি জানি যারা বীজ থেকে চারা তৈরী করেন তাদের পরিশ্রম এবং আনন্দের কথা। কারন আমাদের বাসায় এই বিষয়টি দেখাশুনা করেন আমার স্ত্রী। আমি শুধু একটু উৎসাহ দেই। সে মাঝে মাঝেই আমার কাছে নতুন খবর নিয়ে আসে। আমি হয়ত আমার টেবিলে আমার প্রফেশনাল কাজ নিয়ে প্রচন্ড ব্যস্ত। এরই মাঝে হয়ত কানে ভেসে আসছে আনন্দ চিৎকার। ফলাফল – দেখ চিচিঙ্গা এবং ঝিংগের সাতটি চারা বের হয়েছে। বাকি তিনটির জন্য গত এক সপ্তা থেকে অপেক্ষা করছি। তার আনন্দ ছল ছল চোখ দেখে আমিও ক্ষনিকের জন্য হারিয়ে যাই অন্য এক ভুবনে।
এ এক ভিন্ন মত্রার আনন্দ।
আমার আনন্দ গাছ লাগিয়ে এবং গাছের পরিচর্যা করে।
বীজ থেকে চারা উৎপাদনের কঠিন কাজটি আমার পক্ষে সম্ভন হয় না।
সেদিন আলম ভাইয়ের বাসায় চায়ের আড্ডায় বীথি ভাবি দেখালেন উনি চায়টি (Chayote) ফলে দুই ইঞ্চি লম্বা গাছ গজিয়েছে। অবাক ব্যপার অবশ্যই। কিভাবে গাছ থেকে তৈরী করেছেন চারা – তাও উনি খুলে বললেন।
আহা! কি যে তৃপ্তির হাসি।
খুব ভাল লেগেছে উনার আনন্দ এবং গাছের প্রতি মমতা দেখে। আমাদের এই উইন্ডসরের অনেক আছেন যারা গ্রীষ্মে বাগান এবং গাছ নিয়ে খব ভাল সময় কাটান। ভাবছি সবার গল্প আমরা শেরায় করব আমাদের গার্ডেনার্স ফেসবুকে।
আজ গল্প আর বাড়াবো না।
কিছু খবর শেয়ার করবো ছবির মাধ্যমে।
এক.
বৃক্ষ রোপন – গত ২৭ এপ্রিল বৃক্ষ রোপণ অনুষ্ঠান হয়েছিল উইন্ডসরে। ছবি তুলেও দেয়া হয়নি। শেয়ার করছি।
দুই.
মূলা – শুধুই কি ঝুলিয়ে রাখার বস্তু? আমি জানিনা। তবে লাগিয়েছি অনেক। কিন্তু এগুলো জায়গায় ঝিম মেরে বেসছিল অনেক দিন। এখন পাতা মেলতে শুরু করেছে মাত্র। আদৌ মূলা হবে কিনা জানিনা, কারন গরম আসছে শীগ্রই।
তিন.
মার্ক কার্নি কানাডার প্রধান মন্ত্রী হয়েছেন। আমার জনৈক নিকট বন্ধু হয়ত বলবেন – “ আদার বেপারী- জাহাজের খবর”। আমি জানিনা কিসের খবর। তবে এটা জানি যে – কানাডার অধিকাংশ মানুষ বিশ্বাস করে মার্ক কার্নিই কানাডাকে মাথা উচু করে বেঁচে থাকতে নেতৃত্ব দেবে।
আর মাত্র দু- সপ্তাহ বাকি।
আসছে আমাদের রোজ সিটি গার্ডেনিং পিকনিক। দেখা হবে সাবার সাথে।
উইন্ডসর, কানাডা


