কানাডায় তরুণদের কর্মসংস্থানে নেতৃত্ব দিচ্ছে রেস্তোরাঁ শিল্প

বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা এবং তরুণদের মধ্যে বাড়তে থাকা বেকারত্বের চ্যালেঞ্জের মধ্যেও কানাডার রেস্তোরাঁ ও আতিথেয়তা হোটেল রেস্তোরাঁ শিল্প থেকে এসেছে আশাব্যঞ্জক খবর

বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা এবং তরুণদের মধ্যে বাড়তে থাকা বেকারত্বের চ্যালেঞ্জের মধ্যেও কানাডার রেস্তোরাঁ ও আতিথেয়তা (হোটেল-রেস্তোরাঁ) শিল্প থেকে এসেছে আশাব্যঞ্জক খবর। দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিস্টিকস কানাডা-এর ১০ জুলাই প্রকাশিত সর্বশেষ শ্রমশক্তি প্রতিবেদনে দেখা গেছে, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত কানাডার অন্যান্য সব শিল্পখাতের তুলনায় রেস্তোরাঁ শিল্পেই সবচেয়ে বেশি তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথম ছয় মাসে রেস্তোরাঁ শিল্পে কর্মসংস্থানের প্রবৃদ্ধি শুধু সংখ্যার দিক থেকেই নয়, সামগ্রিক শ্রমবাজারের জন্যও একটি ইতিবাচক বার্তা বহন করছে। বিশেষ করে যেসব তরুণ পড়াশোনা শেষ করে প্রথম চাকরির সন্ধানে রয়েছেন, তাদের জন্য এই খাত নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।

- Advertisement -

স্ট্যাটিস্টিকস কানাডার তথ্য বলছে, ২০২৬ সালের প্রথমার্ধে রেস্তোরাঁ শিল্পে গড়ে ৫২ হাজার ৭৭০ জন অতিরিক্ত কর্মী নিয়োগ দেওয়া হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। শুধু জুন মাসের হিসাবই এই প্রবৃদ্ধির চিত্রকে আরও স্পষ্ট করে। ওই মাসে কানাডার রেস্তোরাঁ শিল্পে ৫ লাখ ৪৩ হাজার তরুণ কর্মরত ছিলেন। এক বছর আগের একই সময়ের তুলনায় এই সংখ্যা ১২ শতাংশ বেশি। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, রেস্তোরাঁ ও আতিথেয়তা খাতে যে কর্মসংস্থান তৈরি হয়েছে, তার প্রায় ৮৫ শতাংশই সরাসরি রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে যুক্ত। অর্থাৎ ক্যাফে, ফাস্টফুড চেইন, ফ্যামিলি রেস্টুরেন্ট, ফাইন ডাইনিং এবং অন্যান্য খাদ্যসেবা প্রতিষ্ঠানগুলোই নতুন কর্মসংস্থান তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।

এই অগ্রগতিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন রেস্টুরেন্টস কানাডা-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কেলি হিগিনসন। তিনি বলেন, রেস্তোরাঁ শিল্প এককভাবেই এমন সংখ্যক তরুণকে কর্মসংস্থানের সুযোগ দিয়েছে, যা অন্য সব শিল্পখাতের নতুন কর্মসংস্থান একত্র করলেও তার চেয়ে কম হতে পারে। তার ভাষায়, তরুণদের মধ্যে বেকারত্বের হার বৃদ্ধি বর্তমানে কানাডার জন্য একটি বড় জাতীয় উদ্বেগের বিষয়। এমন পরিস্থিতিতে রেস্তোরাঁ শিল্প শুধু চাকরি দিচ্ছে না, বরং অসংখ্য তরুণের পেশাজীবনের প্রথম ধাপ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনেকেই এই খাত থেকেই কর্মজীবন শুরু করে পরবর্তীতে ব্যবস্থাপনা, ব্যবসা কিংবা অন্যান্য পেশায় সফল ক্যারিয়ার গড়ে তুলছেন।

প্রতিবেদনে প্রদেশভিত্তিক কর্মসংস্থানের চিত্রও তুলে ধরা হয়েছে। সবচেয়ে বেশি নতুন তরুণ কর্মী নিয়োগ দিয়েছে ব্রিটিশ কলাম্বিয়া, যেখানে বছরের প্রথম ছয় মাসে রেস্তোরাঁগুলো ১৬ হাজার ৮০০ জন তরুণকে কাজ দিয়েছে। এরপর রয়েছে: আলবার্টাচ প্রায় ১৪ হাজার নতুন তরুণ কর্মী এবং কুইবেকের প্রায় ১০ হাজার তরুণের কর্মসংস্থান। পর্যটন খাতের সম্প্রসারণ, ভোক্তাদের ব্যয় বৃদ্ধি এবং খাদ্যসেবা শিল্পে চাহিদা বাড়ার কারণে এসব প্রদেশে রেস্তোরাঁ ব্যবসা দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এর সরাসরি সুফল মিলছে তরুণ চাকরিপ্রার্থীদের জন্য।

অর্থনীতিবিদদের মতে, রেস্তোরাঁ শিল্প দীর্ঘদিন ধরেই কানাডার তরুণদের জন্য অন্যতম প্রধান প্রবেশমুখ হিসেবে কাজ করে আসছে। অনেক শিক্ষার্থী পার্ট-টাইম চাকরি, মৌসুমি কাজ কিংবা পূর্ণকালীন কর্মজীবনের সূচনা করেন এই খাত থেকেই। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চাপ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং শ্রমবাজারের অনিশ্চয়তার সময়ে তরুণদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে। একই সঙ্গে এটি ভোক্তা ব্যয়, ব্যবসায়িক আস্থা এবং সেবা খাতের পুনরুদ্ধারের প্রতিফলন বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

২০২৬ সালের প্রথমার্ধে কানাডার রেস্তোরাঁ শিল্প শুধু ব্যবসায়িক পুনরুদ্ধারের নয়, তরুণদের কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রেও দেশের সবচেয়ে সফল খাত হিসেবে উঠে এসেছে। যখন অন্যান্য অনেক শিল্প এখনও দক্ষ জনবল সংকট কিংবা ধীরগতির নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে লড়াই করছে, তখন রেস্তোরাঁ শিল্প নতুন কর্মসংস্থান তৈরি করে শ্রমবাজারে ইতিবাচক পরিবর্তনের বার্তা দিচ্ছে। বছরের দ্বিতীয়ার্ধেও পর্যটন ও ভোক্তা ব্যয় স্বাভাবিক থাকলে রেস্তোরাঁ ও আতিথেয়তা খাতে কর্মসংস্থানের এই ইতিবাচক ধারা আরও জোরদার হতে পারে, যা কানাডার তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

- Advertisement -

Read More

Recent