বুস্টার ডোজ ও দুই ডোজ ভ্যাকসিন গ্রহীতাদের মধ্যে কোভিড-১৯ নিয়ে মনোভাবে বড় ধরনের তফাৎ রয়েছে। অ্যাসোসিয়েশন ফর দ্য কানাডিয়ান স্টাডিজের জন্য পরিচালিত লেজারের নতুন এক সমীক্ষায় এমনটাই উঠে এসেছে।
সমীক্ষায় অংশ নেওয়া ৬৭ শতাংশ বুস্টার ডোজ গ্রহীতা কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার ভয়ে রয়েছেন। দুই ডোজ ভ্যাকসিন গ্রহীতাদের মধ্যে এ হার যেখানে ৫২ শতাংশ।
অ্যাসোসিয়েশন ফর কানাডিয়ান স্টাডিজের প্রেসিডেন্ট জ্যাকব জেডওয়াব বলেন, এখানে আমরা বুস্টার ডোজ গ্রহণের ব্যাপারে দ্বিধা দেখতে পাচ্ছি এবং যা তাদের মনোভাবে প্রকাশ পাচ্ছে। কোভিড সম্পর্কে দুই ডোজ গ্রহীতাদের উদ্বেগও বুস্টার ডোজ গ্রহীতাদের চেয়ে ভিন্ন। ভ্যাকসিনেশন নিয়ে উদ্বেগের যে মাত্রা তাতেও তাদের মধ্যে পার্থক্য রয়েছে।
উদাহরণ হিসেবে, ৮২ শতাংশ বুস্টার ডোজ গ্রহীতা শপিং মল, খুচরা বিক্রয় কেন্দ্রে ভ্যাকসিনেশন বাধ্যতামূলক করার পক্ষে মত দিয়েছেন। দুই ডোজ গ্রহীতাদের মধ্যে এ হার যেখানে মাত্র ৫৭ দশমিক ৮ শতাংশ। এছাড়া বুস্টার ডোজ গ্রহীতা ৭৯ শতাংশ মানুষ বার, রেস্তোরাঁ ও জিমে ভ্যাকসিনেশন বাধ্যতামূলক করার পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেছেন। এ ব্যাপারে নিজেদের সমর্থন দিয়েছেন দুই ডোজ গ্রহীতা মাত্র ৪৮ শতাংশ কানাডিয়ান।
অর্থাৎ বুস্টার ডোজ গ্রহীতা ও দুই ডোজ গ্রহীতাদের মধ্যে ভ্যাকসিনেশন সম্পর্কে মনোভাবে ব্যবধান বাড়ছে বলে জানান জেডওয়াব। তিনি বলেন, আগের চেয়ে বিষয়টি অনকে বেশি জটিল আকার ধারণ করছে।
এছাড়া যারা বুস্টার ডোজ নিয়েছেন তাদের ৮৫ শতাংশই কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার না করার পক্ষে মত দিয়েছেন। এ ব্যাপারে একই মত দিয়েছেন দুই ডোজ গ্রহীতা ৭১ দশমিক ৫ শতাংশ নাগরিক।
১৮ বছর ও তার বেশি বয়সী ১ হাজার ৫৪৭ জন কানাডিয়ানের ওপর ৭ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সমীক্ষাটি পরিচালনা করা হয়।
কানাডার জনস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ১৫ জানুয়ারি পর্যন্ত ১৮ বছর ও তার বেশি বয়সী ৪১ শতাংশ কানাডিয়ান কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়েছেন। তবে সমীক্ষায় অংশগ্রহণকারী ৭৩ শতাংশ কানাডিয়ান তৃতীয় ডোজ নেওয়ার ব্যাপারে আগ্রহী। অন্যদিকে বুস্টার ডোজের ব্যাপারে কোনো আস্থা নেই বলে জানিয়েছেন দুই ডোজ গ্রহীতা ২৫ দশমিক ৫ শতাংশ কানাডিয়ান। দুই ডোজকেই সুরক্ষার জন্য যথেষ্ট বলে মনে করেন ১৪ শতাংশ নাগরিক।
This article was written by Rezaul Haque as part of the Local Journalism Initiative.

