
“ড. নূরুন নবী আজীবন মুক্তিযোদ্ধা” ডকুমেন্টারিটি দেখার সুযোগ পেয়ে আমি গভীরভাবে অভিভূত হয়েছি। দেখার সময় বহুবার চোখ ঝাপসা হয়ে এসেছে, আবেগে ভেসেছি। এই ডকুমেন্টারির মাধ্যমে দেশের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে বহু অজানা তথ্য জেনেছি এবং অনেক দুর্লভ চিত্র প্রথমবারের মতো দেখতে পেয়েছি।
ড. নূরুন নবীর মতো অকুতোভয় মুক্তিযোদ্ধারা কিভাবে নিজের জীবন বাজি রেখে আমাদের দেশকে স্বাধীন করেছিলেন, তা প্রত্যক্ষ করা এক অনন্য অভিজ্ঞতা। তিনি শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকেননি—মুক্তিযুদ্ধ নিয়ে অসংখ্য বই রচনা করেছেন, দীর্ঘ গবেষণার মাধ্যমে ইতিহাসকে সমৃদ্ধ করেছেন। তিনি প্রকৃত অর্থেই এক আজীবন মুক্তিযোদ্ধা, এক জীবন্ত কিংবদন্তি।
এই ডকুমেন্টারিটি বিশেষ করে টাঙ্গাইল অঞ্চলে মিত্রবাহিনীর সহযোগিতায় পরিচালিত গেরিলা যুদ্ধ এবং সেই অঞ্চলের মুক্তির ওপর ভিত্তি করে নির্মিত। ড. নূরুন নবী নিজে এই অঞ্চলে যুদ্ধ করেছেন এবং অবদান রেখেছেন পাকিস্তানি হানাদারদের হটাতে।
সবচেয়ে ভালো লেগেছে দেখে যে, প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় পূর্ণ—সিটে জায়গা না পেয়ে অনেকে দাঁড়িয়ে বা মেঝেতে বসে ডকুমেন্টারি উপভোগ করেছেন। এটি প্রমাণ করে, এখনও আমাদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জীবিত আছে।
এই অসাধারণ কাজের জন্য নির্মাতা নাদিম ইকবাল ভাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।
এবং এই আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি—আমরা প্রবাসী বাংলাদেশি-কানাডিয়ানরা এই ডকুমেন্টারিটি দেখতে পেরে গর্বিত।
আজীবন মুক্তিযোদ্ধা ড. নূরুন নবীর প্রতি স্যালুট।
আপনাদের জন্যই আজ আমাদের এই স্বাধীন বাংলাদেশ।
স্কারবোরো, কানাডা
