
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের অবসানে সংসদে লিবারেলদের সহযোগিতা করতে চান বলে জানিয়েছেন কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভর। কনজার্ভেটিভ ককাসের সঙ্গে রোববার বৈঠকে এই মন্তব্য করেন তিনি। তাকে ছাড়াই হাউস অব কমন্সে ফেরার প্রস্তুতি নিচ্ছে কনজার্ভেটিভরা।
এমপিদের উদ্দেশে দেওয়া তার প্রায় ১৫ মিনিটের উদ্বোধনী বক্তৃতা গণমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল। বক্তৃতায় তিনি সোমবার শুরু হওয়া হাউস অব কমন্সের বসন্তকালীন অধিবেশনে কনজার্ভেটিভদের অগ্রাধিকারের একটি রূপরেখা পেশ করেন।
পয়লিয়েভর বলেন, আইনে পরিবর্তন আনার লড়াইয়ের জন্য গত নির্বাচনে যেসব কানাডিয়ান তাদের সমর্থন করেছেন তাদের কাছে তারা ঋণী। সেই সঙ্গে তিনি অগ্রাধিকারের একটি তালিকা করেছেন, যা তিনি নির্বাচনী প্রচারণার সময়ে প্রতিশ্রুতি হিসেবে ঘোষণা দিয়েছিলেন।
পয়লিয়েভর বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের অবসানে কনজার্ভেটিভরা সব ধরনের সহযোগিতা দেবে বলে প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে তিনি জানিয়েছেন।
২৮ এপ্রিল অনুষ্ঠিত ফেডারেল নির্বাচনে কনজার্ভেটিভরা ১৪৪টি আসন পেয়েছে। তবে পয়লিয়েভর তার নিজের আসনটি হারিয়েছেন। তাই উপনির্বাচনের মাধ্যমে তিনি সংসদে না ফেরা পর্যন্ত হাউস অব কমন্সে কনজার্ভেটিভ এমপিদের নেতৃত্ব দেবেন দলের সাবেক নেতা অ্যান্ড্রু শিয়ার।
