
ওয়েস্টজেটকে লক্ষ্য করে সাইবার হামলার ঘটনা ঘটেছে, যার ফলে এর অ্যাপে প্রবেশ বিঘ্নিত হচ্ছে। ক্যালগেরিভিত্তিক উড়োজাহাজ পরিবহন সংস্থাটি ১৪ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে, অভ্যন্তরীণ ব্যবস্থা ও ওয়েস্টজেট অ্যাপে সাইবার হামলার বিষয়ে তারা অবগত রয়েছে। এর ফলে অ্যাপটিতে বেশ কিছু ব্যবহারকারীর প্রবেশ নিয়ন্ত্রিত হয়ে পড়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই পোস্টে ওয়েস্টজেট বলেছে, ঘটনা তদন্তে এবং ক্ষয়ক্ষতি কমাতে আইনপ্রয়োগকারী সংস্থা ও ট্রান্সপোর্ট কানাডার সহযোগিতায় বিশেষায়িত অভ্যন্তরীণ একটি দল কাজ করছে। আমাদের পরিচালন কার্যক্রম সুরক্ষিত করার উদ্যোগ আমরা দ্রুত করছি। সেই সঙ্গে আমাদের অতিথি ও কর্মী উভয়ের সংবেদনশীল ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় কাজ করছি। ওয়েস্টজেটের সেবায় প্রবেশে বিঘ্ন ঘটে থাকলে সেজন্য আমরা সব অতিথির কাছে ক্ষমা প্রার্থনা করছি।
পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে উড়োজাহাজ পরিবহন সংস্থাটি আরেকটি পোস্ট করে। সেখানে সাইবার হামলার ব্যাপারে সরবরাহ করার মতো হালনাগাদ কোনো তথ্য নেই বলে জানানো হয়।
