
গ্রীষ্মকাল এলেই যেন নতুন প্রাণ ফিরে পায় কানাডার অন্যতম ব্যস্ত শহর টরন্টো। তীব্র শীতের পর সূর্যের আলোর ছোঁয়ায় শহরটির প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ে প্রাণচাঞ্চল্য। উৎসব, আলোকসজ্জা আর সাংস্কৃতিক আয়োজন মিলিয়ে গ্রীষ্মে টরন্টো হয়ে ওঠে এক রঙিন অভিজ্ঞতার কেন্দ্রস্থল।
শহরের স্থানীয়রা যেমন মুক্তি চান দৈনন্দিন ব্যস্ততা ও যান্ত্রিক জীবন থেকে, তেমনি দেশ-বিদেশের পর্যটকরাও ভিড় জমান টরন্টোর নানা আকর্ষণ উপভোগ করতে।
টরন্টোর অন্যতম আকর্ষণ সিএন টাওয়ার – যেখান থেকে গোটা শহর দেখা যায় এক নজরে। যারা একটু সাহসী, তাদের জন্য রয়েছে এজ ওয়াক-এর মতো অ্যাডভেঞ্চার, টাওয়ারের বাইরের প্রান্ত ধরে হাঁটার এক দুর্দান্ত সুযোগ।
পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চাইলে টরন্টো আইল্যান্ডস হতে পারে আদর্শ গন্তব্য। ফেরি রাইড, বিচ, বাইকিং ট্রেইল এবং শিশুদের জন্য নানা রকমের বিনোদন এখানে সহজেই মিলবে।
ছোটদের নিয়ে রিপলি’স অ্যাকোয়ারিয়াম ঘুরে দেখা যায় সামুদ্রিক জীবজগৎ। আন্ডারওয়াটার টানেলের মধ্য দিয়ে হাঁটার অভিজ্ঞতা একবারেই অনন্য।
শিল্প ও ইতিহাসে আগ্রহীদের জন্য অন্টারিওতে রয়েছে আর্ট গ্যালারি এবং রয়েল অন্টারিও মিউজিয়ামের অসাধারণ সংগ্রহ। আর যারা টরন্টোর বৈচিত্র্যময় সংস্কৃতি ও স্ট্রিট লাইফ উপভোগ করতে চান, তাদের গন্তব্য হতেই পারে কেনসিংটন মার্কেট। রাস্তার সংগীত, পুরনো দিনের দোকান আর নানা স্বাদের খাবারের মেলবন্ধনে এটি হয়ে ওঠে এক অসাধারণ অভিজ্ঞতা।
টরন্টোর ঐতিহ্যবাহী সেন্ট লরেন্স মার্কেট-এ ঘুরে দেখা যায় স্থানীয় খাবারের সমৃদ্ধ ভাণ্ডার। খাবারপ্রেমীদের কাছে এটি যেন এক স্বর্গ।
এই সময়টাতে টরন্টো শহরজুড়ে পালিত হয় নানারকম উৎসব। বিচস জ্যাজ উৎসব থেকে শুরু করে ক্যারিবিয়ান কার্নিভাল, আর টেস্ট অফ দ্যা ড্যানফোর্থ – প্রতিটি উৎসবেই থাকে সংগীত, নাচ, আন্তর্জাতিক খাবার আর অগণিত দর্শনার্থীর ভিড়।
ডিস্টিলারি ডিসট্রিক্ট এই সময় হয়ে ওঠে প্রাণবন্ত ভিক্টোরিয়ান স্থাপত্য, আর্ট গ্যালারি ও আউটডোর পারফরম্যান্সে জমে ওঠে অন্যরকম এক মেজাজ।
যাদের সময় কম, তারা শহরের ভেতরেই পেয়ে যেতে পারেন বিশ্রামের খোঁজ। ট্রিনিটি বেলউডস পার্ক বা হাই পার্ক-এ পিকনিক, কিংবা টরন্টোর ওয়াটারফ্রন্ট ধরে হেঁটে দেখা যায় মনকাড়া সূর্যাস্ত।
শহরের সৌন্দর্য এই গ্রীষ্মে যেন দ্বিগুণ। কেউ সন্ধ্যায় হারবারফ্রন্টে বসে সূর্যাস্ত দেখেন, কেউ আবার কোনো লাইভ মিউজিক কনসার্টে নেমে পড়েন নাচ-গানে। প্রকৃতি, সংস্কৃতি এবং নগর জীবনের অপূর্ব সংমিশ্রণে টরন্টো রূপ নেয় এক স্বপ্নের শহরে।
যাদের এখনও গ্রীষ্মকালীন ভ্রমণের পরিকল্পনা হয়নি, তাদের জন্য এখনও সময় আছে। এই গ্রীষ্মে টরন্টোর এমন রূপ না দেখলে বলা যায় অনেক কিছুই মিস হয়ে যাবে।
তাই আর দেরি না করে ছুটি কাটানোর ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন, কারণ এই গ্রীষ্মে টরন্টো আপনাকে দেবে আনন্দ, রোমাঞ্চ আর হাজারো স্মরণীয় মুহূর্ত।
