সংসদে যাবার অপেক্ষায় পিয়েরে পলিয়েভার

সংসদীয় অধিবেশন শুরুর অপেক্ষায় রয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভার

কানাডার রাজনীতিতে উত্তাপ ক্রমশ বাড়ছে। সংসদীয় অধিবেশন শুরুর অপেক্ষায় রয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভার। রাজনৈতিক মহলে জোর আলোচনা অধিবেশন শুরু হলে তিনি লিবারেল সরকারের বিরুদ্ধে সরাসরি ও তীব্র আক্রমণ শানাতে প্রস্তুত।

সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, লিবারেল পার্টি ৪৪ শতাংশ এবং কনজারভেটিভ পার্টি ৩৮ শতাংশ সমর্থন পেয়েছে। আরেকটি জরিপে ব্যবধান আরও কম লিবারেলদের ৪২ শতাংশের বিপরীতে কনজারভেটিভদের ৩৯ শতাংশ। এক সময় প্রায় ২০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকা কনজারভেটিভরা এখন পিছিয়ে পড়ায়, পলিয়েভারের ওপর চাপ বাড়ছে বলেই বিশ্লেষকদের ধারণা।

- Advertisement -

দলীয় সূত্র জানাচ্ছে, আসন্ন অধিবেশনে পলিয়েভারের মূল আক্রমণ হবে মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, কর নীতি, আবাসন সংকট এবং সরকারের জলবায়ু নীতি ঘিরে। দেশজুড়ে সভা-সমাবেশে তিনি ইতিমধ্যেই এসব বিষয় নিয়ে প্রচারণা চালাচ্ছেন। বিশেষ করে কার্বন ট্যাক্স ও প্রশাসনিক ব্যয়কে তিনি লিবারেল সরকারের ব্যর্থতার উদাহরণ হিসেবে তুলে ধরছেন।

অন্যদিকে, লিবারেল শিবির বলছে, কনজারভেটিভদের প্রতিশ্রুতিগুলো বাস্তবসম্মত নয় এবং কার্যকর পরিকল্পনার ঘাটতি রয়েছে। তবে একই সঙ্গে তারা স্বীকার করছে, বিরোধী নেতার বার্তা অনেক ভোটারের কাছে সাড়া ফেলেছে, যা হেলাফেলা করার মতো নয়।

রাজধানী অটোয়ায় সংসদ ভবন ঘিরে এখন রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। সাংবাদিকদের ভিড়, দলীয় বৈঠক ও কৌশলগত আলোচনা সবকিছুই ইঙ্গিত দিচ্ছে যে, এই অধিবেশন আগামী নির্বাচনের প্রাক-পরীক্ষা হয়ে উঠতে পারে।

পলিয়েভারের ঘনিষ্ঠ মহল মনে করছে, ধারাবাহিক প্রচারণা ও সঠিক কৌশল বজায় রাখতে পারলে জনমতের ধারা আবারও কনজারভেটিভদের দিকে ঘুরে আসবে। ইতিমধ্যেই সংসদ ভবনের করিডোরে তাকে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দেখা যাচ্ছে চোখে মুখে প্রতীক্ষার আভাস, শুধু সংসদীয় লড়াইয়ের জন্য নয়, বরং পরবর্তী ফেডারেল নির্বাচনে রাজনৈতিক পালাবদলের সূচনা করার আশায়।

- Advertisement -

Read More

Recent