কুইবেকে প্রথমবারের মতো রকি মাউন্টেন জ্বরে আক্রান্ত রোগী শনাক্ত

কানাডার কুইবেক প্রদেশে প্রথমবারের মতো প্রাণঘাতী রকি মাউন্টেন স্পটেড ফিভার RMSF রোগী শনাক্ত হয়েছে

কানাডার কুইবেক প্রদেশে প্রথমবারের মতো প্রাণঘাতী রকি মাউন্টেন স্পটেড ফিভার (RMSF) রোগী শনাক্ত হয়েছে। সোমবার প্রাদেশিক স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ঘটনা জলবায়ু পরিবর্তনের ফলে কানাডায় নতুন সংক্রামক রোগের ঝুঁকি কতটা বাস্তব হয়ে উঠছে, তারই একটি স্পষ্ট উদাহরণ।

ডেল আ’এস্ট্রি অঞ্চলের স্বাস্থ্য প্রতিষ্ঠানের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যালেক্স কারিগনান জানিয়েছেন, সম্প্রতি ইস্টার্ন টাউনশিপ এলাকায় একজন রোগীর শরীরে এই বিরল ও প্রাণঘাতী ব্যাকটেরিয়াজনিত রোগ শনাক্ত করা হয়েছে। রোগী প্রথমে তীব্র জ্বর, মাথাব্যথা ও শরীরে লালচে ফুসকুড়ি নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। দ্রুত পরীক্ষা-নিরীক্ষার পর রকি মাউন্টেন স্পটেড ফিভারের উপস্থিতি নিশ্চিত করা হয়।

- Advertisement -

সৌভাগ্যবশত রোগীকে সময়মতো ডক্সিসাইক্লিন অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এবং বর্তমানে তিনি চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন। ডা. কারিগনান সামাজিক মাধ্যমে জানান, “আমরা ধারণা করেছিলাম ব্যাকটেরিয়াটি হয়তো কয়েক বছর পর কানাডায় দেখা দেবে, কিন্তু প্রত্যাশার আগেই শনাক্ত হওয়ায় স্বাস্থ্য কর্তৃপক্ষকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে।”

রকি মাউন্টেন জ্বর সাধারণত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে দেখা যায়। এটি এক ধরনের টিক-বাহিত ব্যাকটেরিয়াজনিত অসুখ। এই রোগের প্রধান লক্ষণ হল উচ্চ জ্বর, মাথাব্যথা, পেশিতে ব্যথা, এবং শরীরে লালচে দাগ বা ফুসকুড়ি। সময়মতো চিকিৎসা না হলে গুরুতর সংক্রমণ ও মৃত্যুও ঘটতে পারে। যদিও এটি টিক-বাহিত রোগ, তবু লাইম রোগের সঙ্গে একে গুলিয়ে ফেলা যাবে না, কারণ চিকিৎসা ও জটিলতা ভিন্ন।

বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তন ও উষ্ণ তাপমাত্রা কানাডায় টিকের বিস্তার বাড়িয়ে দিচ্ছে। এর ফলে শুধু লাইম রোগ নয়, নতুন নতুন সংক্রমণও দেখা দিচ্ছে।

এক দশক আগে মন্ট্রিয়লে লাইম রোগকে বিরল মনে করা হতো। আজ এটি নিয়মিত শনাক্ত হয়।

অন্টারিওর লেক এরির উত্তর উপকূলের লং পয়েন্ট এলাকায় সম্প্রতি কুকুরের শরীরে একই ধরনের সংক্রমণ পাওয়া গেছে।

ফলে শুধু কুইবেক নয়, কানাডার অন্যান্য প্রদেশেও এই ঝুঁকি তৈরি হচ্ছে।

টরন্টোর সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. আইজ্যাক বোগোশ বলেন, “কানাডায় টিকের উপস্থিতি ক্রমেই বাড়ছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে নতুন নতুন রোগের ঝুঁকি সামনে আসছে। জনস্বাস্থ্য ব্যবস্থাকে এখনই নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে হবে।”

কুইবেকের প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রণালয় জনগণকে সতর্ক করে বলেছে— বাইরে গেলে লম্বা হাতার পোশাক ও প্যান্ট পরতে হবে, ত্বকে কীটনাশক ব্যবহার করতে হবে, এবং টিকের কামড় এড়ানোই সবচেয়ে কার্যকর প্রতিরোধ।

কুইবেকে রকি মাউন্টেন জ্বর শনাক্ত হওয়ার ঘটনা একদিকে চিকিৎসাবিজ্ঞানের জন্য নতুন সতর্ক সংকেত, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের কারণে উদীয়মান স্বাস্থ্যঝুঁকির একটি বাস্তব প্রমাণ। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি যথাসময়ে সচেতনতা, প্রতিরোধমূলক ব্যবস্থা ও গবেষণা জোরদার না করা হয়, তবে আগামী দিনে কানাডার জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও জটিল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent