দক্ষতা উন্নয়ন তহবিলের এক গ্রহীতাকে নিয়ে ওপিপিকে তদন্তের নির্দেশ

ডেভিড পিচ্চিনির কিলের পরিচালক পিটার জাকারোর সঙ্গে তার ছবি প্রকাশিত হওয়ার কিলকে দেওয়া অনুদান নিয়ে বিতর্ক সৃষ্টি হয়

অন্টারিওর দক্ষতা উন্নয়ন তহবিল (Skills Development Fund–SDF) থেকে বিতর্কিত অনুদান প্রাপ্তি–সংক্রান্ত ফরেন্সিক নিরীক্ষার রিপোর্ট অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশের (ওপিপি) কাছে পাঠিয়েছে প্রাদেশিক সরকার। বুধবার প্রদেশের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

২০২৩ সালে কিল ডিজিটাল সল্যুশন্স ও এর সহযোগী প্রতিষ্ঠান গেট-আ-হেডের বিরুদ্ধে অনুদান ব্যবহারে অনিয়মের অভিযোগ উত্থাপিত হওয়ার পর ফরেন্সিক নিরীক্ষা শুরু হয়। গত সপ্তাহে সে নিরীক্ষা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে।

- Advertisement -

কিল ডিজিটাল সল্যুশন্সের চিফ ডিজিটাল কর্মকর্তা আহাদ বন্দেআলি এক বিবৃতিতে বলেন, “নিরীক্ষা প্রক্রিয়ায় আমরা পূর্ণাঙ্গ ও স্বচ্ছতার সঙ্গে সহযোগিতা করেছি। ইনকর্পোরেশনের নথি, আর্থিক বিবরণীসহ যেসব দলিল চাওয়া হয়েছিল, সবই সরবরাহ করা হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন যে, পুরো প্রক্রিয়ায় বারবার কর্পোরেট ও অলাভজনক কাঠামো সম্পর্কে ভুল ধারণা তৈরি করা হয়েছে। কর সংক্রান্ত নিয়ম নিয়ে ভুল ব্যাখ্যাও প্রচারিত হয়েছে। বন্দেআলি দাবি করেন, সম্পূর্ণ পর্যালোচনা জুড়ে কোনো অনিয়ম বা অসঙ্গতি চিহ্নিত হয়নি এ বিষয়টিও তারা একাধিকবার কর্তৃপক্ষকে জানিয়েছিলেন।

কিল ডিজিটাল সল্যুশন্স ও গেট-আ-হেডকে অনুদান দেওয়ার মূল উদ্দেশ্য ছিল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের উপযোগী একটি ডিজিটাল প্ল্যাটফরম তৈরি করা। ২৫০ কোটি ডলারের বিশাল দক্ষতা উন্নয়ন তহবিলটি মূলত মহামারি-পরবর্তী অর্থনৈতিক চাপ, কর্মসংস্থান সংকট এবং যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কর্মীদের পুনঃপ্রশিক্ষণ দেওয়ার জন্য বরাদ্দ ছিল। তবে অডিটর জেনারেলের প্রতিবেদন বলছে, অর্ধেকের বেশি ক্ষেত্রে সরকারি কর্মীদের সুপারিশ উপেক্ষা করে রাজনৈতিকভাবে নির্বাচিত ব্যক্তিদের পছন্দ অনুযায়ী অনুদান বিতরণ করা হয়েছে। এতে তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন ওঠে।

কিলকে দেওয়া অনুদান নিয়ে বিতর্ক আরও তীব্র হয় শ্রমমন্ত্রী ডেভিড পিচ্চিনির একটি ছবি প্রকাশের পর। ছবিটিতে দেখা যায় তিনি রিংসাইডে টরন্টো ম্যাপল লিফসের খেলায় উপস্থিত, সঙ্গে রয়েছেন কিলের পরিচালক পিটার জাকারো। এই ছবি তার মন্ত্রী হওয়ার আগের সময়ের হলেও বিষয়টি রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়, কারণ জাকারোর প্রতিষ্ঠানই পরে বড় অংকের সরকারি অনুদান পায়।

সমালোচনার মুখে পিচ্চিনি দাবি করেছেন, ওই খেলায় তিনি নিজের অর্থেই টিকিট কিনেছিলেন এবং কোনো ধরনের স্বার্থের সংঘাত ঘটেনি।

ফরেন্সিক অডিটের পূর্ণাঙ্গ রিপোর্ট এখন ওপিপির কাছে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করবে কি না তা এখনও স্পষ্ট নয়। তবে বিশেষজ্ঞদের মতে, তহবিল ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে ওঠা প্রশ্ন ও রাজনৈতিক বিতর্কের প্রেক্ষাপটে এই পদক্ষেপ সরকারের প্রতি জনআস্থার সংকট কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এদিকে কিল ডিজিটাল সল্যুশন্স জানিয়েছে, তারা স্বচ্ছতা বজায় রেখে কাজ করে এসেছে এবং তদন্ত হলে সত্যপ্রমাণিত হবে বলে আশা করছে।

- Advertisement -

Read More

Recent