মর্টগেজ পরিশোধ না করার হার কমেছে

কানাডার জাতীয় মর্টগেজ পরিস্থিতিতে দেখা দিয়েছে স্বস্তির ইঙ্গিত

কানাডার জাতীয় মর্টগেজ পরিস্থিতিতে দেখা দিয়েছে স্বস্তির ইঙ্গিত। তিন বছরের ধারাবাহিক বৃদ্ধির পর প্রথমবারের মতো কমেছে মর্টগেজ পরিশোধে পিছিয়ে থাকা বাড়ির মালিকদের হার। তবে অন্টারিও এবং ব্রিটিশ কলাম্বিয়ায় এখনো উর্ধ্বমুখী প্রবণতা উদ্বেগ বাড়াচ্ছে।

কানাডা মর্টগেজ অ্যান্ড হাউজিং কর্পোরেশন (CMHC) জানায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে জাতীয় পর্যায়ে মর্টগেজ পরিশোধে ব্যর্থতার হার নেমে এসেছে ০.২২ শতাংশে, যেখানে প্রথম প্রান্তিকে হারটি ছিল ০.২৩ শতাংশ।

- Advertisement -

গত কয়েক বছরে উচ্চ সুদের চাপ ও আর্থিক অনিশ্চয়তার কারণে মর্টগেজের বকেয়া থাকা পরিবারের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছিল। ২০২২ সালে জাতীয় ব্যর্থতার হার ছিল ০.১৪%, যা বাড়তে বাড়তে এ বছর এসে ০.২২ শতাংশে পৌঁছেছে। তবে দ্বিতীয় প্রান্তিকের এই সামান্য নিম্নগতি বিশেষজ্ঞদের কাছে একটি ইতিবাচক সংকেত হিসেবেই দেখা হচ্ছে।

CMHC–র বিশ্লেষণ বলছে, কানাডার কিছু অঞ্চলে পরিস্থিতি বেশ উন্নত হয়েছে। আটলান্টিক কানাডা, কুইবেক, এবং প্রেইরি প্রদেশগুলোতে মর্টগেজ পরিশোধের হার বৃদ্ধির ফলে জাতীয় গড় কমেছে।

যদিও দেশব্যাপী পরিস্থিতি উন্নত হয়েছে, অন্টারিও এবং ব্রিটিশ কলাম্বিয়ায় বিপরীত চিত্র। বিশেষ করে টরন্টোতে মর্টগেজ পরিশোধে ব্যর্থতার হার গত বছরের একই সময়ের তুলনায় ৬০% বেড়ে এখন ০.২৪ শতাংশে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে এই উর্ধ্বগতির কারন হল উচ্চ মূল্যের বাড়িতে মর্টগেজের পরিমাণ বেশি হওয়া এবং উচ্চ সুদের নবায়ন চাপ জ্যামিতিক হারে বেড়ে যাওয়া।

সুদের হার কমতির দিকে থাকলেও বাজারে এখনো বিরাজ করছে উচ্চ সুদের নবায়ন চাপ। CMHC জানায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ৭.৫ লাখ মর্টগেজ উচ্চ সুদে নবায়ন হয়েছে, ২০২৬ সালে এই সংখ্যাটি বেড়ে ১১.৫ লাখে পৌঁছাবে বলে ধারণা। গত কয়েক বছরের সুদের হার পরিবর্তন পরিস্থিতি বোঝায় জুলাই ২০২০–তে ৫ বছর মেয়াদি অবিমাকৃত মর্টগেজের গড় সুদের হার ছিল ২.৩৬%, জুলাই ২০২৩–এ এই হার বেড়ে দাঁড়ায় ৩.৯৫%।

যার ফলে অনেক বাড়ির মালিকদের মাসিক কিস্তি এক লাফে উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে গেছে। বিশেষ করে ২০২০–২১ সালে কম সুদে মর্টগেজ নেওয়া পরিবারগুলো নবায়নের সময় চরম চাপের মুখে পড়ছে।

অর্থনীতিবিদদের মতে, সুদের হার ধীরে ধীরে নিম্নমুখী হওয়ায় আগামী বছরে মর্টগেজ পরিস্থিতি আরও স্থিতিশীল হতে পারে। তবে অন্টারিও ও ব্রিটিশ কলাম্বিয়ায় বাড়ির মূল্য ও মর্টগেজের পরিমাণ বেশি হওয়ার কারণে সেই অঞ্চলের পরিবারগুলো এখনো ঝুঁকির মধ্যে রয়েছে।

- Advertisement -

Read More

Recent