ভ্রমণ মেডিকেল বিমা যে কারণে জরুরি

কানাডার বাইরে চিকিৎসা ব্যয় যে অত্যন্ত ব্যয়সাপেক্ষ এটি সব কানাডিয়ানই জানেন

কানাডার বাইরে চিকিৎসা ব্যয় যে অত্যন্ত ব্যয়সাপেক্ষ এটি সব কানাডিয়ানই জানেন। তাই আন্তর্জাতিক ভ্রমণে ট্রাভেল মেডিকেল ইনসুরেন্স নেওয়া অনেকটাই স্বাভাবিক অভ্যাস। কিন্তু দেশের মধ্যেই ভ্রমণের জন্য আলাদা স্বাস্থ্য বিমা লাগতে পারে এটা অনেকের কাছেই অপ্রত্যাশিত ও অবিশ্বাস্য। সেই অজান্তেই বিরল এক বিপাকে পড়েছেন ওকভিলের বাসিন্দা ডগ ম্যাকগিনলি।

ডগ ম্যাকগিনলি জানান, তিনি যখনই দেশের বাইরে যান, সতর্কতার জন্য ট্রাভেল মেডিকেল ইনসুরেন্স নেন। কিন্তু এ বছর পরিবারের সঙ্গে আলবার্টা ভ্রমণে বেরিয়ে তিনি কোনও অতিরিক্ত বিমা কেনেননি। কারণ, একই দেশের অভ্যন্তরে ভ্রমণে কেন আবার আলাদা বিমা লাগবে এ ধারণাই তার ছিল না।

- Advertisement -

সাস্কেচুয়ান অতিক্রম করার সময় হঠাৎ ম্যাকগিনলির বুকে তীব্র ব্যথা শুরু হয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় সীমান্ত পেরিয়ে আলবার্টায় প্রবেশ করার পর তাকে দ্রুত মেডিসিন হাট হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা নিশ্চিত হন যে এটি একটি ক্ষুদ্র হৃদ্‌যন্ত্রের ক্রিয়া- বন্ধের ঘটনা।

অবস্থা বিবেচনায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ক্যালগারি পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য। এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানোর সময় ম্যাকগিনলি প্রশ্ন করেছিলেন এই ব্যয় কি বিমার আওতায় পড়বে? চিকিৎসা কর্মীরা তাকে আশ্বস্ত করেছিলেন, বিমা সুবিধা রয়েছে, চিন্তার কিছু নেই।

চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর গত মাসে ম্যাকগিনলি যখন আলবার্টা হেলথ সার্ভিসেসের পাঠানো বিল হাতে পান, তখন শুরু হয় তার প্রকৃত দুশ্চিন্তা। বিলের পরিমাণ ১২,৪৮৩ ডলার, শুধুমাত্র এয়ার অ্যাম্বুলেন্স ভাড়ার জন্য।

এত বড় অঙ্ক দেখে তিনি হতবাক হয়ে যান। পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, আলবার্টা বা অন্টারিও কোনো প্রদেশের স্বাস্থ্য পরিকল্পনাই এক প্রদেশ থেকে অন্য প্রদেশে এয়ার অ্যাম্বুলেন্স পরিবহন পুরোপুরি কভার করে না। অর্থাৎ তিনি যে সেবাটি পেয়েছেন, তা প্রাদেশিক স্বাস্থ্যসেবা কাঠামোর আওতার বাইরে।

ম্যাকগিনলির ভাষায়, “তারা আমাকে বলেছিল, বিষয়টি বিমার আওতায় পড়ে। পরে আবার জানালো যে হেলথ কেয়ার অ্যাক্ট অনুযায়ী এই পরিবহন ব্যয় কভার করা হবে না। এখন পুরো টাকাটাই আমাকে নিজের পকেট থেকে দিতে হবে।”

কানাডার স্বাস্থ্যব্যবস্থা মূলত প্রাদেশিকভাবে পরিচালিত। তাই প্রতিটি প্রদেশের কভারেজ আলাদা। সাধারণ চিকিৎসা ভিজিট বা জরুরি সেবা সাধারণত কভার করা হলেও, এয়ার অ্যাম্বুলেন্সের মতো ব্যয়বহুল সেবা অনেক প্রদেশে আংশিক বা সম্পূর্ণভাবে কভারেজের বাইরে। এ কারণে কানাডার অভ্যন্তরেই অন্য প্রদেশে ভ্রমণের সময় অতিরিক্ত ট্রাভেল ইনসুরেন্স নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

তিনি আপিল প্রক্রিয়া শুরু করেছেন এবং আশা করছেন যে অন্তত আংশিকভাবে হলেও খরচ কমানো যাবে। তবে তিনি মনে করেন, এমন গুরুত্বপূর্ণ তথ্য জনগণকে স্পষ্টভাবে জানানো উচিত। তার মন্তব্য “আমি বিস্মিত, হতাশ ও ক্ষুব্ধ। একই দেশের মধ্যে ভ্রমণে এমন বড় বিল আসতে পারে এটা আগে কখনও কল্পনা করিনি।”

ম্যাকগিনলির ঘটনা আবারও মনে করিয়ে দিল, কানাডার অভ্যন্তরীণ ভ্রমণও সবসময় পুরোপুরি নিরাপদ নয় বিশেষ করে জরুরি স্বাস্থ্যসেবার ক্ষেত্রে। তাই দেশেই প্রদেশভিত্তিক ভ্রমণ হলেও ট্রাভেল মেডিকেল ইনসুরেন্স নেওয়া অনেক সময় অপ্রত্যাশিত বড় ঝুঁকি থেকে রক্ষা করতে পারে।

- Advertisement -

Read More

Recent