
ডায়াবেটিস রোগীদের ব্যবহৃত গ্লুকোজ মনিটরিং ডিভাইস ফ্রিস্টাইল লিব্রে ৩ প্লাস সেন্সর–এর একটি অংশ আন্তর্জাতিকভাবে প্রত্যাহার করা হয়েছে গুরুতর স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায়। কানাডার ফেডারেল নিয়ন্ত্রক সংস্থা হেলথ কানাডা এ বিষয়ে জরুরি সতর্কতা জারি করে রোগীদের প্রতি আহ্বান জানিয়েছে যে নিজেদের ব্যবহৃত সেন্সরগুলো প্রত্যাহার তালিকায় আছে কিনা তা অবিলম্বে পরীক্ষা করতে।
হেলথ কানাডার প্রত্যাহার নোটিশে বলা হয়েছে, কিছু সেন্সর “বুল গ্লুকোজ রিডিং” বা ভুল গ্লুকোজ মাত্রা দেখাতে পারে। এর ফলে রোগী ধারণা করতে পারেন যে গ্লুকোজ লেভেল স্বাভাবিকের তুলনায় অনেক কম, ফলে অতিরিক্ত শর্করা গ্রহণ করতে পারেন অথবা প্রয়োজনীয় সময়ে ইনসুলিন নেওয়া বন্ধ করতে বা বিলম্ব করতে পারেন। এই সিদ্ধান্তগুলো দ্রুতই রোগীর রক্তে শর্করার মাত্রায় বিপজ্জনক ওঠানামা ঘটিয়ে জীবনঘাতী পরিস্থিতির সৃষ্টি করতে পারে।
ডিভাইসটি তৈরি করেছে অ্যাবোট ডায়াবেটিস কেয়ার। সাম্প্রতিক এক আন্তর্জাতিক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাবোট জানায় বিশ্বব্যাপী ৭টি মৃত্যু এবং ৭০০ জনের অসুস্থতা সম্ভবত এই সেন্সরের ত্রুটির সঙ্গে সম্পর্কিত। তবে কোন কোন দেশে ঘটনাগুলো ঘটেছে সে বিষয়ে কোম্পানি বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
হেলথ কানাডা নিশ্চিত করেছে, কানাডায় এখন পর্যন্ত এই ত্রুটির কারণে কোনো মৃত্যু বা অসুস্থতার ঘটনা ঘটেনি। ফ্রিস্টাইল লিব্রে ৩–এর আরেকটি মডেল যুক্তরাষ্ট্রসহ কিছু দেশে প্রত্যাহার করা হয়েছে, তবে কানাডায় সেই নির্দিষ্ট মডেলটি বাজারে নেই, বলে অ্যাবোট জানিয়েছে।
অ্যাবোটের দাবি, তারা উৎপাদন লাইনে সমস্যার উৎস শনাক্ত করে সমাধান সম্পন্ন করেছে। কোম্পানিটি বলছে, নতুন ব্যাচের সেন্সরগুলো ত্রুটি-মুক্ত। তবুও আন্তর্জাতিক বাজারে যেসব ইউনিট ছড়িয়ে গেছে তা রোগীদের জন্য সম্ভাব্য ঝুঁকি সৃষ্টি করতে পারে বলে বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্কতা জারি করছে।
হেলথ কানাডা বলেছে প্রত্যাহার তালিকায় থাকা সেন্সরগুলো অবিলম্বে ব্যবহার বন্ধ করুন। সংশ্লিষ্ট সেন্সর নষ্ট করে ফেলুন বা বাতিল করুন। অ্যাবোট বা সরবরাহকারীর কাছে বিকল্প সেন্সর চেয়ে নিন। সেন্সর কাজ করছে ঠিক কি না সে বিষয়ে সন্দেহ হলে ফিঙ্গার-প্রিক করে নিশ্চিত হতে বলা হয়েছে।
সেন্সর ত্বকের নিচের ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে গ্লুকোজ মাত্রা পরিমাপ করে তারবিহীনভাবে মোবাইল বা রিডারে পাঠায়। এই প্রযুক্তি ডায়াবেটিক রোগীদের দৈনন্দিন ব্যবস্থাপনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভুল রিডিং মানে ভুল চিকিৎসা এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া এবং চরম অবস্থায় ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বা সরাসরি মৃত্যুও ঘটাতে পারে।
