আর্থিক তথ্য প্রকাশ সংক্রান্ত বিধানের বিরোধিতা বিদেশি বৃহৎ স্ট্রিমারদের

কানাডিয়ান কনটেন্টের সংজ্ঞা আধুনিকায়নের অংশ হিসেবে বিদেশি বৃহৎ স্ট্রিমিং কোম্পানিগুলোর আর্থিক তথ্য প্রকাশ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফেডারেল ব্রডকাস্ট নিয়ন্ত্রক সংস্থা সিআরটিসি

কানাডিয়ান কনটেন্টের সংজ্ঞা আধুনিকায়নের অংশ হিসেবে বিদেশি বৃহৎ স্ট্রিমিং কোম্পানিগুলোর আর্থিক তথ্য প্রকাশ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফেডারেল ব্রডকাস্ট নিয়ন্ত্রক সংস্থা সিআরটিসি। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছে নেটফ্লিক্স, অ্যামাজনসহ একাধিক আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম।

গত ডিসেম্বরেই নেটফ্লিক্স ও অ্যামাজনসহ স্ট্রিমিং পরিষেবা প্রদানকারী কয়েকটি প্রতিষ্ঠানের একটি জোট কানাডার ফেডারেল কোর্ট অব আপিলে সিআরটিসির এই শর্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি বৃহৎ স্ট্রিমিং সংস্থাকে তাদের ব্রডকাস্টিং থেকে অর্জিত রাজস্বের বিস্তারিত তথ্য নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দিতে হবে। শুধু তাই নয়, কানাডিয়ান কনটেন্ট তৈরিতে তারা কত অর্থ ব্যয় করছে, সেই তথ্যও প্রকাশ করবে সিআরটিসি।

- Advertisement -

স্ট্রিমিং কোম্পানিগুলোর পক্ষে মোশন পিকচার অ্যাসোসিয়েশন–কানাডা আদালতে যে আবেদন দাখিল করেছে, তাতে দাবি করা হয়েছে আর্থিক তথ্য সাধারণত গোপনীয় হিসেবে বিবেচিত হয়। কিন্তু নতুন এই নিয়মে কোম্পানিগুলোকে সেই তথ্য গোপন রাখার পক্ষে যুক্তি তুলে ধরার সুযোগই দেওয়া হয়নি। তাদের অভিযোগ, সিআরটিসির বিদ্যমান ব্যবস্থায় আর্থিক তথ্য গোপন হিসেবে চিহ্নিত করার সুযোগ থাকলেও, এই বাধ্যবাধকতার ক্ষেত্রে তা কার্যকর করা হবে না।

আদালতে দাখিল করা নথিতে স্ট্রিমাররা আরও যুক্তি দিয়েছে, ভবিষ্যতের সংবেদনশীল আর্থিক তথ্য প্রকাশের জন্য সিআরটিসি ব্রডকাস্টিং আইনের ২৫.৩ ধারা ‘অযৌক্তিকভাবে’ প্রয়োগ করছে। এই প্রক্রিয়ায় আবেদনকারী সংস্থাগুলোর হাতে কোনো বিকল্প রাখা হয়নি, যাতে তারা তথ্যকে গোপন হিসেবে আখ্যায়িত করতে পারে। তাদের আশঙ্কা, এই ধরনের আর্থিক তথ্য প্রকাশ পেলে ব্যবসায়িকভাবে তারা গুরুতর ক্ষতির মুখে পড়তে পারে এবং প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল হয়ে যাবে।

অন্যদিকে, সিআরটিসি এ বিষয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছে। বুধবার নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই মামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে গত নভেম্বরের এক সিদ্ধান্তে সিআরটিসি জানিয়েছিল, আর্থিক তথ্য প্রকাশের ফলে সম্ভাব্য যে ক্ষতির কথা বলা হচ্ছে, তা জনস্বার্থের গুরুত্বকে ছাপিয়ে যাবে এমনটা তারা মনে করে না।

বিশ্লেষকদের মতে, এই মামলা শুধু আর্থিক তথ্য প্রকাশের প্রশ্নেই সীমাবদ্ধ নয়। বরং এটি কানাডায় ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর নিয়ন্ত্রণ, স্বচ্ছতা এবং স্থানীয় কনটেন্টে বিনিয়োগের ভবিষ্যৎ দিকনির্দেশ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। আদালতের রায় শেষ পর্যন্ত কোন দিকে যায়, তার ওপর নির্ভর করবে কানাডায় বিদেশি স্ট্রিমিং জায়ান্টদের কার্যক্রমে নতুন নিয়ন্ত্রণ কতটা কড়াভাবে কার্যকর হবে।

- Advertisement -

Read More

Recent