
ডিসেম্বরে বার্ষিক ভিত্তিতে কানাডার মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বেড়ে ২ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে। সোমবার প্রকাশিত ভোক্তা মূল্যসূচক (সিপিআই)–এর সর্বশেষ তথ্যে এ তথ্য জানিয়েছে স্ট্যাটিসটিকস কানাডা।
উপাত্ত প্রকাশের আগে অর্থনীতিবিদদের মধ্যে পরিচালিত এক সমীক্ষায় ধারণা করা হয়েছিল, মূল্যস্ফীতি ২ দশমিক ২ শতাংশেই স্থিতিশীল থাকবে। কিন্তু বাস্তবে তা বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতির গতি ও এর পেছনের কারণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
স্ট্যাটিস্টিকস কানাডার বিশ্লেষণে বলা হয়েছে, মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে অন্যতম বড় ভূমিকা রেখেছে ফেডারেল সরকারের সাময়িক কর অব্যাহতি বা ‘ট্যাক্স হলিডে’। ২০২৪ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অটোয়া দুই মাসের জন্য কিছু নির্দিষ্ট পণ্যের ওপর থেকে জিএসটি তুলে নেয়। এর আওতায় ডাইনিং আউট, অ্যালকোহল ও শিশুদের খেলনার মতো পণ্যে সাময়িকভাবে দাম কমে যায়।
তবে এই কর অব্যাহতির কারণে আগের বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে ডিসেম্বরে ভোক্তা মূল্যসূচক তুলনামূলক বেশি বেড়ে দেখা গেছে। অর্থাৎ, পরিসংখ্যানগত দৃষ্টিকোণ থেকে এই ছাড়ই মূল্যস্ফীতির হারকে উঁচু দেখাতে ভূমিকা রেখেছে।
ডিসেম্বরে রেস্তোরাঁয় খাবারের দাম বার্ষিক ভিত্তিতে বেড়েছে ৮ দশমিক ৫ শতাংশ, যা সামগ্রিক বা হেডলাইন মূল্যস্ফীতিকে উল্লেখযোগ্যভাবে উস্কে দিয়েছে বলে জানিয়েছে স্ট্যাটিস্টিকস কানাডা।
এ বিষয়ে সিআইবিসি–এর জ্যেষ্ঠ অর্থনীতিবিদ অ্যান্ড্রু গ্রান্থাম বলেন, ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধির প্রধান চালক ছিল এই ট্যাক্স হলিডে। তাঁর মতে, জানুয়ারিতেও খাদ্যদামে কিছুটা অস্থিরতা অব্যাহত থাকতে পারে।
ডিসেম্বরে গ্রোসারি স্টোর থেকে কেনা খাদ্যপণ্যের দাম বার্ষিক ভিত্তিতে বেড়েছে ৫ শতাংশ। এর আগের মাস নভেম্বরে এই হার ছিল ৪ দশমিক ৭ শতাংশ। বিশেষ করে কফির দাম বেড়েছে ৩০ শতাংশের বেশি, যা ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।
এ ছাড়া তাজা ও হিমায়িত গরুর মাংসের দাম বেড়েছে ১৬ দশমিক ৮ শতাংশ। পটেটো চিপস, কনফেকশনারি সামগ্রীসহ আরও কিছু গ্রোসারি পণ্যও কর অব্যাহতির তালিকায় থাকলেও ডিসেম্বরে এগুলোর দাম আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।
গ্রান্থাম জানান, ডিসেম্বরে গ্রোসারি পণ্যের মূল্যস্ফীতির জন্য ফেডারেল সরকারের কর অব্যাহতি আংশিকভাবে দায়ী। তবে নভেম্বরে রেকর্ড বৃদ্ধির পর ডিসেম্বর মাসে দামের গতি কিছুটা স্থিতিশীল হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, ডিসেম্বরে গ্যাসোলিনের দাম বার্ষিক ভিত্তিতে কমেছে ১৩ দশমিক ৮ শতাংশ। বৈশ্বিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের অতিরিক্ত সরবরাহ এ দামে পতনের প্রধান কারণ হিসেবে কাজ করেছে বলে জানিয়েছে স্ট্যাটিস্টিকস কানাডা।
সামগ্রিকভাবে বিশ্লেষকদের মতে, কর অব্যাহতির মতো সাময়িক নীতিগত সিদ্ধান্ত মূল্যস্ফীতির পরিসংখ্যানে স্বল্পমেয়াদি প্রভাব ফেললেও খাদ্য ও পরিষেবা খাতে ধারাবাহিক মূল্যচাপ এখনও কানাডার অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে রয়েছে।
