অক্টোবরে আকস্মিক কর্মসংস্থান বাড়ায় কানাডার শ্রমবাজারে প্রাণ ফিরেছে। যদিও সামনের মাসগুলোতে অর্থনীতিতে মন্দা আরও বেশি দৃশ্যমান হবে বলে সতর্ক করে দিয়েছেন অর্থনীতিবিদরা।
স্ট্যাটিস্টিকস কানাডার সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী, অক্টোবরে কানাডার অর্থনীতিতে নতুন করে ১ লাখ ৮ হাজার চাকরির সুযোগ তৈরি হয়েছে। অধিক সংখ্যক কানাডিয়ান কাজের সন্ধানে থাকায় অক্টোবরে বেকারত্বের ৫ দশমিক ২ শতাংশে স্থির রয়েছে।
চার মাস কমা বা সামান্য বৃদ্ধির পর অক্টোবরে কর্মসংস্থান বাড়লো। সুদের হার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কানাডার অর্থনীতি মন্দার দিকে এগোচ্ছে, এমন আশঙ্কার মধ্যেই এ তথ্য সামনে এলো।
অক্টোবরে কর্মসংস্থান বৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে উৎপাদন, নির্মাণ এবং অ্যাকোমোডেশন ও খাদ্য সেবা। যদিও এ প্রতিবেদনের ফলাফল প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে, তারপরও উচ্চ সুদের হারের কারণে অর্থনীতি লক্ষ্যণীয়ভাবে শ্লথ হবে বলে ধারণা করা হচ্ছে। ইতিহাস থেকে আমরা যেটা দেখেছি তা হলো, যখন এটা ঘটে তখন ভোক্তাদের ব্যয় হ্রাস পায়। একই পরিস্থিতি দেখা যায় আবাসনেও। যদিও এই শ্লথতা মারাত্মক বা অনেক দিনের হবে না।
কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে ব্যাংক অব কানাডা এ বছর সুদের হার আগ্রাসীভাবে বুদ্ধি করছে। সামনে সুদের হার আরও বাড়ানো হবে বলেও ইঙ্গিত দিয়েছে কানাডার কেন্দ্রীয় ব্যাংক। যদিও সুদের হার বৃদ্ধির চক্র শেষ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
ডেজাডিন্সের পূর্বাভাস হলো ডিসেম্বরে কেন্দ্রীয় সুদের হার ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়াতে পারে, ২ মার্চের পর এটা সর্বনি¤œ।
ব্যাংক অব কানাডার সর্বশেষ ত্রৈমাসিক আউটলুকে অর্থনীতিতে বড় ধরনের শ্লথতার পূর্বাভাস দেওয়া হয়েছে। তারা বলছে, সামনের মাসগুলো ও ২০২৩ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি থমকে যাবে। কিছুটা ঋণাত্মক প্রবৃদ্ধিও দেখা যাবে, যা মন্দার শর্ত পূরণে যথেষ্ট।
এদিকে ১৫ বছর ও তার বেশি বয়সী কানাডিয়ান অভিবাসীদের মধ্যে কর্মসংস্থানের হার রেকর্ড বেড়েছে। অক্টোবরে এর হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২ শতাংশ।
This article was written by Rezaul Haque as part of the LJI

