
কানাডার হাসপাতালগুলোতে ফ্লুতে আক্রান্ত শিশুদের চাপ বাড়লেও যথেষ্ট সংখ্যক মানুষ ভাইরাসটি প্রতিরোধে ভ্যাকসিন নিচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। দ্য কানাডিয়ান প্রেস প্রদেশগুলোর স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগের কাছে প্রত্যেক প্রদেশ ও অঞ্চলে ফ্লু ভ্যাকসিন দেওয়ার হালনাগাদ তথ্য চেয়েছিল। যেসব প্রদেশ ও অঞ্চল তথ্য দিয়েছে তাতে দেখা গেছে, ফ্লু ভ্যাকসিন গ্রহীতার হার ৩০ শতাংশ বা তার চেয়েও কম। শিশুদের মধ্যে এ হার আরও কম।
উত্তরপশ্চিম অঞ্চলগুলোতে পাঁচ বছরের কম বয়সী কম বয়সী ১১ শতাংশ শিশু ফ্লু ভ্যাকসিন পেয়েছে। ম্যানিটোবায় এ হার ১২ শতাংশ এবং আলবার্টায় ১৭ শতাংশের কম। সম্প্রতি ওয়াক-ইন ক্লিনিক চালু করার পর ব্রিটিশ কলাম্বিয়ায় ফ্লু ভ্যাকসিন গ্রহণের হার বেড়ে গেছে। প্রদেশটির এক-চতুর্থাংশ শিশু ফ্লু ভ্যাকসিন পেয়েছে।
শিশু সংক্রমণ রোগ বিশেষজ্ঞ এবং ইউনিভার্সিটি অব ক্যালগেরির রোগতত্ত্ববিদ ডা. জেমস কেলহার বলেন, ফ্লু আক্রান্ত হওয়ার সবচেয়ে ঝুঁকিতে থাকা পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ভ্যাকসিনেশনের হার খুবই কম। বয়স্কদের তুলনায় তরুণদের মধ্যে ফ্লু ভ্যাকসিন নেওয়ার হার নিশ্চিতভাবেই কম এ বছর। বিশেষ করে অনেক অঞ্চলেই এটা বেশ কম।
কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. তেরেসা মে বুধবার এক সংবাদ সম্মেলনে শিশুদের ফ্লু ভ্যাকসিন গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ফ্লুতে শিশুদের মধ্যে হাসপাতালে ভর্তির হার অনেক বেশি।
ইনফ্লুয়েঞ্জার মৌসুমে সাধারণত শিশুদের হাসপাতালে ভর্তির যে হার দেখা যায়, বর্তমানে সাপ্তাহিক হার তার চেয়ে বেশি। শিশুদের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ও মৃত্যুর হারও অন্যান্য সময়ের চেয়ে বেশি।
অন্টারিওর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইনফ্লুয়েঞ্জার মৌসুম না যাওয়া পর্যন্ত তারা ভ্যাকসিনেশনের হার জনসমুক্ষে প্রকাশ করবে না। এক ইমেইল বার্তায় মন্ত্রণালয় জানিয়েছে, প্রতি বছর অন্তত ৩০ শতাংশ অন্টারিওবাসী সাধারণ ফ্লু ভ্যাকসিন নিয়ে থাকে।
ফ্লু ভ্যাকসিনেশনের হার এখনো প্রস্তুত করতে পারেনি বলে জানিয়েছে নোভা স্কশিয়া। কুইবেক বলেছে, নির্দিষ্ট শ্রেণির জনগোষ্ঠীর মধ্যে ভ্যাকসিনেশনের হার হিসাব করে থাকে তারা। লং-টার্ম কেয়ার ও রিটায়ারমেন্ট হোমের ৭০ শতাংশের বেশি বাসিন্দা এ বছর ফ্লু ভ্যাকসিন নিয়েছে। যদিও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ভ্যাকসিনের হার এখনো মাত্র ২১ শতাংশ। এটাও যথেষ্ট নয় বলে জানান কুইবেকের জনস্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. লুক বয়লো।
