
নতুন সরকার ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সাধারণ ছুটি বাতিল করেছেন। এতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করা হলো কিনা তা ঠিক বুঝা গেলো না। সাধারণ ছুটি বাতিল করার অর্থ হলো এই দিন সবাই অফিস, আদালতে যাবেন। জাতীয় শোক দিবস বাতিল না হওয়ায় প্রশ্ন থাকবে, নতুন সরকার জাতীয় শোক দিবস সরকারীভাবে পালন করবেন কিনা?
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বায়ক বিএনপি-জামাত সহ আরও কয়েকটি দলের সাথে বৈঠক করে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছেন তারা ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করবেন না।
তাহলে বিষয়টি কি দাঁড়ালো?
১৫ ই আগস্ট সাধারণ ছুটি বাতিল করা হয়েছে কিন্তু জাতীয় শোক দিবস নামে মাত্র বহাল রাখা হয়েছে এবং বৈষম্যবিরোধী ছাত্রদের সিদ্ধান্ত মোতাবেক এই দিন শোক দিবস পালন করা হবে না।
এই একটি দিনকে কেন্দ্র করে নতুন সরকারের এত দ্বিধা-দ্বন্ধের প্রয়োজন ছিল না।
তারা অস্বীকার করুক, এই দিন বাংলাদেশের স্বাধীনতার রূপকার,বাংলাদেশের স্বাধীনতার অন্যতম স্থপতি বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করা হয়নি।
নতুন সরকার বলুক, বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর কোন অবদান নেই, কোন ভূমিকা নেই।
এই দেশকে স্বাধীন করে যে মানুষটি সাড়ে তিন বছরের মাথায় স্ব-পরিবারে প্রান দিয়েছেন তিনি আর কত sacrifice করবেন?
১৯৭৫ থেকে ১৯৯৬ দীর্ঘ ২১ বছর যার নাম উচ্চারণ করা নিষিদ্ধ ছিল, তিনি আর কত আত্নত্যাগ করলে আপনারা খুশি হবে?
১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, প্রায় ৪৯ বছর পার হয়ে গিয়েছে। ১৯৭৫ সালে যার জন্ম তার বয়স এখন ৪৯ বছর। প্রায় অর্ধ শত বছর। এই দীর্ঘ সময়েও এই মানুষটির উপর মানুষের এত রাগ,এত ক্ষোভের কারন কি?
তার মেয়ে অপরাধ করে থাকলে তাকে শাস্তি দিন,তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করান,তার বিচার করুন।
কিন্তু তার অপরাধের শাস্তি আমাদের স্বাধীনতার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর উপর কেন?
আজ আপনারা বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর নাম-নিশানা মুছে ফেলতে উদ্যোত হয়েছেন।বলুন তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা সংগ্রামের নেতা ছিলেন না?
বলুন তাহলে ১৯৫২ থেকে ১৯৭১ পর্যন্ত আমাদের স্বাধীনতা সংগ্রামের কোন নেতা ছিল না,৭ ই মার্চের কোন ভাষন কেউ দেয় নি?
আমাদের স্বাধীনতা ঘোষণায় our Great National leader Bangabandhu Sheikh Mujibur Rahman কেউ বলেনি?
রাষ্ট্রীয় পর্যায় থেকে বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে দিতে পারবেন কিন্তু মানুষের মন থেকে বঙ্গবন্ধুর নাম-নিশানা মুছে দিতে পারবেন না।
স্কারবোরো, কানাডা
