
দীর্ঘদিন ধরেই সম্ভাব্য লিবারেল প্রার্থী বা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উত্তরসূরী হিসেবে ব্যাংক অব কানাডার সাবেক গভর্নর মার্ক কার্নির নাম শোনা যাচ্ছে। ব্রিটিশ কলাম্বিয়ার নানাইমোতে অনুষ্ঠেয় লিবারেল ককাসে অর্থনীতি সম্পর্কে বিছু পরামর্শ দেবেন তিনি।
মার্ক কার্নি ককাস বৈঠকে লিবারেল এমপিদের সামনে অর্থনীতি ও প্রবৃদ্ধির পরিকল্পনা নিয়ে বক্তৃতা দেবেন। সংসদে আসন্ন ফেরা এবং ফেডারেল নির্বাচন নিয়ে কৌশল নির্ধারণের জন্যই ককাসের এই সভা।
এক বছর ধরে জনপ্রিয়তায় ধস নামার পরিপ্রেক্ষিতে লিবারেল ককাসের এই বৈঠক বসছে। সাপ্লাই অ্যান্ড কনফিডেন্স চুক্তি থেকে এনডিপির বেরিয়ে যাওয়ার ধাক্কাও হঠাৎ করে সামনে এসেছে। এই চুক্তিই সংখ্যালঘু লিবারেল সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে।
ট্রুডো বেশ কিছু এমপির ব্যাপারে কান খোলা রাখবেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে কয়েক ডজন এমপি তাদের নআসন হারানোর মুখে রয়েছেন এবং তারা কেবল গ্রীষ্মটা তাদের রাইডিংয়ে কাটিয়েছেন। সেখানে কানাডিয়ানরা তাদের প্রতিশ্রুতিগুলোর ব্যাপারে খুব বেশি আগ্রহী নয়।
অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং বিশেষভাবে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সমস্যা ও আবাসন প্রাপ্যতা ট্রুডোর লিবারেল পার্টিকে সমস্যায় ফেলে দিয়েছে। কনজার্ভেটিভ পার্টি ও এর নেতা পিয়েরে পয়লিয়েভর যে অর্থনৈতিক বার্তা দিয়েছেন তাকে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে লিবারেলরা।
২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন কার্নি। ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর ছিলেন ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত। বর্তমানে তিনি জাতিসংঘের জলবায়ু উদ্যোগ ও অর্থায়ন বিষয়ক বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন।
আগামী নির্বাচনের আগে দলের অর্থনৈতিক নীতি ও প্ল্যাটফরম উন্নয়নে কার্নি কী ধরনের ভূমিকা রাখতে পারেন তা নিয়ে কয়েক মাস ধরে তার সঙ্গে আলোচনা করছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
