
চলতি বছরের সেপ্টেম্বরে বাড়ি নির্মাণের বার্ষিক গতি আগস্টের তুলনায় ৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে কানাডা মর্টগেজ অ্যান্ড হাউজিং কর্পোরেশন (সিএমএইচসি)। সংস্থাটি বলেছে, মৌসুমি সমন্বয়ের ভিত্তিতে সেপ্টেম্বরে ২ লাখ ২৩ হাজার ৮০৮টি ইউনিটের নির্মাণকাজ শুরু হয়েছে। আগস্টে যেখানে সংখ্যাটি ছিল ২ লাখ ১৩ হাজার ১২টি।
এই বৃদ্ধি মূলত শহরে নির্মাণকাজে গতি সঞ্চার। সেপ্টেম্বরে শহরে বাড়ি নির্মাণ শুরু হয়েছে ২ লাখ ১০ হাজার ২ ইউনিট, আগস্টে যেখানে সংখ্যাটি ছিল এক লাখ ৯৯ হাজার ৩৫টি।
সিএমএইচসির তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে কানাডার শহরগুলোতে প্রকৃতপক্ষে বাড়ি নির্মাণকাজ বেড়েছে ২ শতাংশ। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ৬৮ হাজার ৮৯৭টি বাড়ির নির্মাণকাজ শুরু হয়। ২০২৩ সালের একই সময়ে সংখ্যাটি ছিল যেখানে ১ লাখ ৬৫ হাজার ৫৫৯টি।
এক্ষেত্রে মন্ট্রিয়লের কথা বিশেষভাবে উল্লেখ করেছে জাতীয় গৃহ নির্মাণ সংস্থাটি। তারা বলেছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে মন্ট্রিয়লে বাড়ি নির্মাণকাজ আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে ভ্যানকুভারে বাড়ি নির্মাণকাজ হ্রাস পেয়েছে ১৯ শতাংশ, যা রেকর্ড সর্বনি¤œ। চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে ২০২৩ সালের একই সময়ের তুলনায় বাড়ি নির্মাণের গতি হ্রাস পেয়েছে ২০ শতাংশ।
সংস্থাটির উপ-প্রদান অর্থনীতিবিদ কেভিন হিউজ এক বিবৃতিতে বলেন, আলবার্টা, কুইবেক এবং আটলান্টিক প্রদেশগুলোতে বেশি সংখ্যক মাল্টি-ইউনিট ও সিঙ্গেল-ডিটাচড বাড়ির কারণেই বাড়ি নির্মাণে বার্ষিক এই গতি এসেছে। পক্ষান্তরে অন্টারিও এবং ব্রিটিশ কলাম্বিয়ায় সব ধরনের বাড়ির নির্মাণ বার্ষিক হিসাবে হ্রাস পেয়েছে। সেপ্টেম্বরে বাড়ি নির্মাণকাজ বৃদ্ধি পেলেও কানাডার শহুরে সেন্টারগুলোতে ক্রয়ক্ষমতা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে এখনো তা অনেক কম।
