
ডগ ফোর্ডের কনজার্ভেটিভরা আরও একটি ইউনিয়নের সমর্থন লাভ করেছে। দ্য টরন্টো সানের মতে, এটাই দলটির পাওয়া প্রথম সরকারি খাতের কোনো ইউনিয়নের সমর্থন।
প্রদেশের ১২ হাজার ফায়ারফাইটারের প্রতিনিধিত্বকারী অন্টারিও প্রফেশনাল ফায়ার ফাইটার্স অ্যাসোসিয়েশন সোমবার এ মাসে অনুষ্ঠেয় প্রাদেশিক নির্বাচনে প্রোগ্রেসিভ কনজার্ভেটিভদের প্রতি সমর্থন জানায়। এর কয়েকদিন আগে ইউনিফরের লোকাল ১২৮৪ প্রোগ্রেসিভ কনজার্ভেটিবের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করে। ব্র্যাম্পটনের অটোকর্মীদের প্রতিনিধিত্ব করে ইউনিয়নটি। প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টির কোনো ইউনিফর লোকালের সমর্থন লাভের ঘটনা এটাই প্রথম।
প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টির এমপিপি ডেভিড পিচ্চিনি দ্য সানকে বলেন, এই ব্যাপারটাতে আমরা খুবই উল্লসিত। ফোর্ডের মন্ত্রিসভায় শ্রমমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি।
ইউনিফরের মতো ওপিএফএফএ প্রথমবারের মতো প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টিকে বেছে নিল। ওপিএফএফএর প্রেসিডেন্ট গ্রেগ হর্টন বলেন, ফায়ারফাইটারদের সমস্যা সমাধানে ডগ ফোর্ড ও তার সরকার অনড় ও সক্রিয় অংশীদার। ফায়ারফাইটারদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। একই সঙ্গে অন্টারিওজুড়ে কমিউনিটিগুলোর আগুন ও জীবনের নিরাপত্তার জন্যও কাজ করেছি।
অন্টারিও প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টির নেতা ডগ ফোর্ড এক বিবৃতিতে বলেছেন, ওপিএফএফএর সমর্থন পেয়ে তিনি সম্মানীত বোধ করছেন। ওপিএফএফএ আমাদের সরকারের দারুণ অংশীজন এবং আমাদের ফায়ারফাইটারদের জন্য প্রশিক্ষণ, সরঞ্জাম ও রসদের নিশ্চয়তা অব্যাহত রাখব।
