
টরন্টোতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত হচ্ছে জাতীয় শোক দিবসের বিশেষ অনুষ্ঠান। “মৃত্যুঞ্জয়ী মুজিব” শিরোনামে এই আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ১৫ আগস্ট, শুক্রবার, সন্ধ্যা ৭টায় হোপ ইউনাইটেড চার্চে (২৫৫০ ডানফোর্থ এভিনিউ)।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা নিঃশেষ করার অভিযোগে তারা তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করছেন। অনুষ্ঠানে বক্তারা ঐতিহাসিক ৭ই মার্চ, বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শোক দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনগুলো বন্ধ করে দেওয়ার নেপথ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করবেন।
আয়োজকরা বলেন, পঁচাত্তরের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বর বাড়িকে ধ্বংস করার পর বর্তমান অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার সেই বাড়িসহ বঙ্গবন্ধুর সমস্ত স্মৃতি ও ভাস্কর্য নিশ্চিহ্ন করতে তৎপর হয়েছে। এমনকি গোপালগঞ্জের জন্মভূমিতেও বঙ্গবন্ধুর আদর্শকে নিপাত করার হুমকি দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন। এই প্রেক্ষাপটে ২০২৫ সালের শোক দিবস তাদের মতে আরও তাৎপর্যপূর্ণ ও প্রতিরোধমূলক হয়ে উঠেছে।
এছাড়া, ঢাকায় সদ্য ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের স্মরণে এবং গাজা ও বিশ্বের অন্যান্য প্রান্তে নিহত নিরপরাধ মানুষদের আত্মার শান্তির জন্য অনুষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। ধর্ম, বর্ণ, জাতিভেদ ভুলে সকলকে এই মানবিক আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠানটি আয়োজন করছে টরন্টোর মুক্তবুদ্ধিচর্চার সাংস্কৃতিক কর্মীবৃন্দ। আয়োজকেরা অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন।
