
টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রীসেবায় এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। আধুনিক প্রযুক্তিনির্ভর পদক্ষেপ ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রী অভিজ্ঞতা আগের চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্যময় ও কার্যকর করে তুলছে।
দীর্ঘ লাইন, ফ্লাইট বিলম্ব, ব্যাগেজ সমস্যার মতো পুরনো ঝামেলা কমাতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো রিয়েল-টাইম লাইনের আপডেট। এখন নিরাপত্তা স্ক্রিনিং বা ইমিগ্রেশনের লাইনে কতটা ভিড় রয়েছে, তা যাত্রীরা আগেই জানতে পারছেন বিমানবন্দরের প্রবেশমুখ ও টার্মিনাল এলাকায় স্থাপিত স্ক্রিনে। এতে সময়মতো প্রস্তুতি নেওয়া এবং অনাকাঙ্ক্ষিত দুশ্চিন্তা কমিয়ে আনতে সহায়তা করছে।
যাত্রাপথকে আরও মসৃণ করতে চালু হয়েছে ক্লাউড-ভিত্তিক ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম। যাত্রীরা কেবল একটি QR কোড স্ক্যান করেই পেয়ে যাচ্ছেন বোর্ডিং সংক্রান্ত সতর্কতা, গেট পরিবর্তনের তথ্য কিংবা চেক-ইন সময়সূচি। এতে পুরো অভিজ্ঞতাটাই হয়ে উঠছে দ্রুত ও ঝামেলামুক্ত।
ব্যাগেজ ব্যবস্থাপনাতেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। ব্যাগেজ ক্যারোসেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে যুক্ত হয়েছে আধুনিক সেন্সর, যা যান্ত্রিক সমস্যার পূর্বাভাস দিতে পারে। এই ‘প্রেডিকটিভ মেইনটেন্যান্স’ পদ্ধতির মাধ্যমে ব্যাগেজ বিলম্ব বা যন্ত্রপাতির হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা অনেকটাই কমেছে।
পিয়ারসন বিমানবন্দর জুড়েই এখন রয়েছে বায়োমেট্রিক প্রযুক্তি, কনট্যাক্টলেস চেক-ইন এবং উন্নত ন্যাভিগেশন টুলস। যাত্রী নিরাপত্তা, প্রবাহ নিয়ন্ত্রণ ও সঠিক সময়ে ফ্লাইট পরিচালনায় এসব প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতের জন্য তারা টার্মিনাল ১ ও ৩-এর পুনর্গঠন এবং নতুন অবকাঠামো উন্নয়নের কাজ এগিয়ে নিচ্ছে। তাদের পূর্বাভাস, আগামী কয়েক বছরের মধ্যে বার্ষিক যাত্রী সংখ্যা ৬৫ মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে, আর সেই চাপ মোকাবিলায় নেওয়া হচ্ছে আরও পরিবেশবান্ধব ও যুগোপযোগী পদক্ষেপ।
২০২৪ সালে যাত্রীসংখ্যা এবং পরিষেবা মানে উল্লেখযোগ্য উন্নতির ফলে পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর আবারও বিশ্বের শীর্ষ বিমানবন্দরগুলোর তালিকায় নিজের অবস্থান পোক্ত করেছে। শুধু কানাডার প্রবেশদ্বার নয় বর্তমানে এটি বিশ্বমানের আধুনিক যাত্রী অভিজ্ঞতার প্রতীক হিসেবেই পরিচিত হয়ে উঠছে।
