
টরন্টোর প্রধান গণপরিবহন ব্যবস্থা টরন্টো ট্রানজিট কমিশন (টিটিসি)-র সেবার মান নিয়ে যাত্রীদের ক্ষোভ বাড়ছে। জুলাই ২০২৫-এর সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, যাত্রী সন্তুষ্টি নেমে এসেছে ৭৫ শতাংশে, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৮৪ শতাংশ।
রিপোর্টে আরও বলা হয়েছে, মাসিক গ্রাহক সেবা অভিযোগ বেড়েছে প্রায় ২০ শতাংশ। সময়মতো যানবাহন না আসা, মিসড স্টপ এবং চালকদের আচরণ ছিল অভিযোগের প্রধান বিষয়।
সাবওয়ে সেবার সময়নিষ্ঠতা লক্ষ্যমাত্রার অনেক নিচে নেমে গেছে। লাইন ১-এ সময়নিষ্ঠতা লক্ষ্যমাত্রা কমে দাঁড়িয়েছে ৮২.৭ শতাংশে (গত বছর ছিল ৮৬.৫%), আর লাইন ২-এ ৮৯.৬ শতাংশে (গত বছর ছিল ৯২%)। কিছু বাস ও স্ট্রিটকার রুটে যাত্রীরা ৩০ থেকে ৫০ শতাংশ বেশি সময় অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন।
বিলম্বও বেড়েছে আশঙ্কাজনক হারে। ২০১৯ সালে দৈনিক গড় বিলম্ব ছিল ৩,৮৫৩ মিনিট; এখন তা বেড়ে সাবওয়েতে ৫,৯০৩ মিনিট এবং স্ট্রিটকারে ১৮,২৭৭ মিনিটে পৌঁছেছে।
যাত্রীসংখ্যা প্রায় আগের অবস্থায় ফিরলেও সেবার মান উন্নত হয়নি। এপ্রিল-মে ২০২৫-এ গড়ে সপ্তাহে ১৫.৬ মিলিয়ন যাত্রী টিটিসি ব্যবহার করেছেন, যা বাজেটের তুলনায় কম।
টিটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, সিগন্যালিং সিস্টেম হালনাগাদ, বিলম্বের তথ্য দ্রুত জানানো, শাটল বাস ব্যবস্থার উন্নয়ন এবং নিরাপত্তা জোরদারের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে যাত্রীদের দাবি “কথা নয়, এখন দরকার বাস্তব পরিবর্তন।”
